এসএসসির খাতা পুনঃনিরীক্ষার ফল সোমবার

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আগামী সোমবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল। সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এদিন খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি জানান, আগামী সোমবার (২৮ আগস্ট) এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সব বোর্ডে একই দিনে এ ফল প্রকাশ করার কথা আছে। বোর্ডগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় আবেদন করা খাতা পুনঃনিরীক্ষণের কাজ করছে। আশা করছি এদিন দুপুরের পরই শিক্ষার্থীরা ফল পাবেন।

তিনি আরো জানান, ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী এসএসসির বিভিন্ন বিষয়ের ১ লাখ ৯১ হাজারটির বেশি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, যেসব পরীক্ষার্থী এসএসসির খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছেন তাদের সবার খাতা পুনরায় যাচাই করা হচ্ছে। কোনো অসঙ্গতি পেলে সেগুলো দূর করে ফল প্রকাশ করা হবে। খাতা চ্যালেঞ্জ করে বহু শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। প্রতিবছরই এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা শেষে ফল পুনঃনিরীক্ষার আবেদন নেয়া হয়ে থাকে।

জানা গেছে, ইতোমধ্যে একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদন গ্রহণ শেষ হলেও ৩১ আগস্ট খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। প্রথম ধাপে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.