পাবনাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে তুহিন হোসেন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ঘন্টি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আসাদুল আলী (৩০)।
প্রত্যক্ষদর্শী অন্য শ্রমিকরা জানান, আজ সকাল ৯টায় ৩ জন নির্মাণশ্রমিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণাধীন ১০ তলা একটি ভবনে দড়ি ঝুলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ দড়ি ছিঁড়ে গেলে তিনজনই নিচে পড়ে যান। আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুই শ্রমিকের মৃত্যু হয়। অন্যজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন জানান, দুর্ঘটনার পর তিনজনকে রাজশাহী মেডিকেলে নেয়া হচ্ছে এ খবর শুনেছেন।
তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পরে বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
