এইমাত্র পাওয়া

বিদ্যালয়ের অফিস সহকারী করেন ফেনসিডিলের কারবার

কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন) মনোয়ার হোসেন মুন্না (২৫) কে ২২২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা।

সোমবার (২১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আব্দুর রহমান।

এর আগে, গতকাল রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন মুন্না উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের আবুল বাশারের ছেলে এবং বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।

বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এখলাছুর রহমান জানান, ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়ে থাকলে তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপপরিদর্শক আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতর থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করে আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে আসামিকে সোমবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.