সাঈদীকে নিয়ে পোস্ট, শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারকে অব্যাহতি

পাবনাঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মো. গোলাম মোস্তফাকে পরীক্ষাকেন্দ্রের একাডেমিক সুপারভাইজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তার পরিবর্তে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবিবকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

গোলাম মোস্তফা তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তুমি নিশ্চয়ই জান্নাতের উঁচু মাকামে তাকে স্থান দেবেন। আমিন।’

সরকারি কর্মকর্তার এমন স্ট্যাটাসে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই আমি তার জন্য দোয়া করেছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম বলেন, ‘আমি মনে করি, একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরণের স্ট্যাটাস দেওয়া ঠিক হয়নি।’ তিনি এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলতে বলেন।

সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় একাডেমিক সুপারভাইজারকে পরীক্ষাকেন্দ্রের তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.