স্কুল চলাকালে মশার ওষুধ স্প্রে, ১০ শিক্ষার্থী অসুস্থ

নরসিংদীঃ জেলার পৌর শহরের একটি স্কুলে ক্লাস চলাকালে মশা নিধনের ওষুধ স্প্রে করার পর ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে অসুস্থ শিক্ষার্থীদের সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমনটি হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের শিউলি বাগ উচ্চ বিদ্যানিকেত হাইস্কুলে এ ঘটনা ঘটে।

স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, সকালে শিউলি বাগ উচ্চ বিদ্যানিকেতন হাইস্কুলে ক্লাস চলছিল। সে সময় স্কুলে পৌরসভার পক্ষ থেকে মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়। এর কিছু সময় পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। পরে শিক্ষকরা অসুস্থ শিক্ষার্থীদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জান্নাত, আয়েশা, তুলা, আলতা, তামান্না, সোহানা, হামিদা, সাইদা, নুসরাত ও মুক্তা।

শিউলি বাগ উচ্চ বিদ্যানিকেতন হাইস্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ বলেন, ‘স্প্রে করার কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। নরসিংদী পৌরসভা থেকে মশা মারার জন্য স্কুলে ওষুধ স্প্রে করা হয়। স্কুলে ওষুধ স্প্রের জন্য তারা কোনো অনুমতি নেয়নি। ঘটনা জানার পর আমরা শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসি।

নরসিংদী সদর হাসপাতালের ডা. মাহাবুবুর কবির বাসার বলেন, অসুস্থ শিক্ষার্থীরা হাসপাতালে আসলে আমরা তাদের চিকিৎসা করি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিক্ষার্থীদের বাসায় পাঠানো হয়েছে।

নরসিংসী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চুকে ফোন করা হলে তিনি জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। খোঁজ খবর নিয়ে েএ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.