এটিইও পদের স্থগিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

শিক্ষাবার্তা ডেস্ক,  ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) পদে অনলাইনে আবেদন গ্রহণ আবেদনের সময় শেষ হওয়ার এক দিন আগে স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শেষ মুহূর্তে আবেদন গ্রহণ স্থগিত করায় যাঁরা আবেদন করেছেন, তাঁরা পড়েছেন দুশ্চিন্তায়।

এ বিষয়ে জানতে পিএসসিতে যোগাযোগ করা হলে পিএসসির একটি সূত্র জানায়, ১৫৯ জন এটিইও নিয়োগের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়নি। আপাতত স্থগিত করা হয়েছে। কিছু বিষয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। সেসব বিষয় মিটে গেলে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবার আবেদন করতে পারবেন প্রার্থীরা। সে ক্ষেত্রে আবেদনের সময় বাড়িয়ে দেওয়া হবে।

কী ধরনের সমস্যা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে সূত্রটি জানায়, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে অভিজ্ঞতার ক্ষেত্রে নিয়োগবিধির সঙ্গে অসামঞ্জস্যের কারণে অনলাইনে আবেদন আপাতত স্থগিত করা হয়েছে।

এ নিয়োগ শুধু বিভাগীয় প্রার্থীদের জন্য। অর্থাৎ যাঁরা প্রাথমিকে শিক্ষক হিসেবে চাকরিরত আছেন। পিএসসি থেকে বলা হয়েছে, সরকারি বিধি অনুযায়ী, বিভাগীয় প্রার্থীদের চাকরিতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ নিয়ম অনুযায়ী সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের ক্ষেত্রে প্রাথমিকের শিক্ষকদের কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, দুই বছরের কম অভিজ্ঞ শিক্ষকেরাও আবেদন করতে পারবেন। এটি নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত চেয়েছে পিএসসি। মন্ত্রণলায়ের সিদ্ধান্ত পেলে আবার নিয়োগ বিজ্ঞপ্তি চালু করা হবে এবং প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, ‘সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য প্রাথমিকের শিক্ষকদের কত দিনের অভিজ্ঞতা থাকতে হবে, সেটি নির্ধারণে আমরা পর্যালোচনা শুরু করেছি। পর্যালোচনা শেষে শিগগিরই জানানো হবে।’

সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে আবেদনকারী প্রাথমিকের একজন সহকারী শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটিইও পদে অনেক দিন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই। দীর্ঘদিন পর নিয়োগ বিজ্ঞপ্তি এসেও সেটি শেষ সময়ে স্থগিত করা হলো। আবার কবে আবেদন শুরু হবে, পরীক্ষা কবে হবে, এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসা উচিত।

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে গত ২৬ জুন আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষ দিন ছিল ৩১ জুলাই। আবেদনের শেষ তারিখের ঠিক এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ করে আবেদন স্থগিত করা হয়।

এটিইও পদে আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে বিভ্রান্তিতে ছিলেন চাকরিপ্রার্থীরা। পিএসসির আবেদন পোর্টালে টেলিটকের সিস্টেমে যাঁদের শিক্ষকতার অভিজ্ঞতা দুই বছরের কম ছিল তাঁরাও আবেদনের সুযোগ পেয়েছেন এবং অনেকে আবেদন করেছেন।

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদটি দশম গ্রেডের। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬০০০-৩৮৬৪০ টাকা। সূত্রঃ প্রথম আলো

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.