শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ টেকসই গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, অবাধ নির্বাচন, আইনের শাসন ও জনবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ৭ দফা দাবি জানিয়েছে নৈতিক সমাজ। এসময় শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের বেতন, ভাতা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।
সমাবেশে দাবিগুলো উপস্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মেজর জেনারেল আমসাআ আমিন (অব.)। এ সময় তিনি বলেন, ‘প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় এবং কর্মজীবনের সকল ক্ষেত্রে নৈতিক শিক্ষা শানিত করতে হবে।
সবকিছু বিবেচনায় নিয়ে নৈতিক আইন করতে হবে। আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি দিতে হবে। অপরাধ, দুর্নীতি ও সহিংসতা মুক্ত করতেই হবে রাজনীতি। নির্বাচন ব্যবস্থা গড়তে হবে নিরপেক্ষ, অর্থশক্তি ও পেশিশক্তি মুক্ত।অশুদ্ধ রাজনৈতিক আচরণ ও অপঃসংস্কৃতির বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে।’
তিনি আরো বলেন, ‘৪০ লাখ ঝুলে থাকা মামলা ৫ বছরে মধ্যে নিষ্পত্তি করতে হবে। হস্তক্ষেপ মুক্ত করতে হবে আদালত। ন্যায়বিচার করতে হবে দ্রুত ও নিশ্চিত।
নিশ্চিত করতে হবে আদালতের ও বিচারকদের স্বাধীনতা। শুধু অবকাঠামো নয়, কিছু সূচকের উন্নয়ন নয়, ঢালাও মাথাপিছু আয় নয়, উন্নয়নের মাপকাঠি হবে- প্রান্তিক, দরিদ্র্য ও মেহনতি মানুষের উন্নত জীবন-মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকারের সূচক। উন্নয়ন হবে গণমুখী, কৃষক-শ্রমিকসহ সুবিধাবঞ্চিত শতভাগ মানুষের নিশ্চিত আয়, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ, কর্ম ও বাসস্থানের। গরিব বান্ধব আর্থ-সামাজিক ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।’
নৈতিক সমাজের আহ্বায়ক বলেন, সকলের জন্য উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিনামূল্যে দিতে হবে।
রাষ্ট্রের দায়িত্ব হবে মেধাবীদের উদ্ভাবন ও গবেষণার সুযোগ করে দেওয়া। বিদেশে যাবে লাখ লাখ দক্ষ প্রশিক্ষিত শ্রমিক। শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের বেতন, ভাতা ও মর্যাদা হতে হবে সর্বোচ্চ। পাশাপাশি বনাঞ্চল, জলাশয়, হাওড়, বাওড়, নদী, ক্ষুদ্র, সবই দূষণ মুক্ত ও সুরক্ষিত করতে হবে। নবায়নযোগ্য হতে হবে জ্বালানী এবং উন্নয়ন হতেই হবে সকলের জন্য। বিক্ষোভ সমাবেশে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

