১২ ডিসেম্বর পালিত হবে ‘স্মার্ট বাংলাদেশ’ দিবস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  প্রতিবছর ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবসের পরিবর্তে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, আমরা ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ পালন করে থাকি। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশের ধারনা থেকে আমরা স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছি। সে প্রেক্ষাপটকে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে যে, আমরা ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করেছি। সেই নাম পরিবর্তন করে একই তারিখে স্মার্ট বাংলাদেশ দিবস উদযাপন করব। মন্ত্রিসভা সেটি অনুমোদন দিয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে, রূপকল্প ২০২১ বাস্তবায়নের ঘোষণা দেন তার মূল শিরোনাম ছিল ডিজিটাল বাংলাদেশ। ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বিপ্লবের ঘোষণা আসে। ২০১৭ সালে প্রথমবারের মতো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে দিনটি উদযাপিত হলেও ২০১৮ সালের ২৬ নভেম্বর দিবসটির নাম পরিবর্তন করে সরকার ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.