এক বিসিএসে শিক্ষা ক্যাডারে দুই বোন

মানিকগঞ্জঃ  ৪১ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুই বোন আশা মনি ও উম্মে সুলতানা ঊষা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রকাশিত ৪১ তম বিসিএসের ফলাফল প্রকাশিত হয়। এতে সিংগাইরের ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো.আনোয়ার হোসেন ও রহিমা আক্তার দম্পতির ওই দুই মেয়ে সুপারিশপ্রাপ্ত হন।

জানা গেছে, দুই বোনের মধ্যে বড় আশা মনি। তিনি ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন। এরপর সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৯০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮ তম ব্যাচের ছাত্রী হিসেবে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ করেন। তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মজীবন অতিবাহিত করছিলেন।

অপরদিকে উম্মে সুলতানা ঊষা জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের পাঠ চুকিয়ে ২০১১ সালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। সেখান থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.৫০ পেয়ে এসএসসি এবং ২০১৩ সালে সাভার মডেল কলেজে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন।

পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম ব্যাচে ভর্তি হন ঊষা। সেখান থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ করেন।

দুই বোনের সঙ্গে কথা বললে তারা বলেন, ভবিষ্যতে বাবা-মায়ের সম্মান যাতে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি সেজন্য সকলের দোয়া চাচ্ছি।

আশা ও ঊষার বাবা মো.আনোয়ার হোসেন জানান, আমাদের সন্তানেরা আল্লাহর রহমতে আমাদের ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.