শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ভিসা দেয়নি কানাডা। ইয়র্ক ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ জুন ভিসার জন্য ঢাকার কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন ড. মো. আখতারুজ্জামান। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি তিনি। এতে অনেকটাই অবাক হয়েছেন ঢাবি উপাচার্য।
গতকাল বুধবার (১৯ জুলাই) এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘ওরা ওয়েবসাইটে দেখায় বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু এক মাসেও হলো না, আমার কাছেও বিষয়টি অবাক লাগল।’
তিনি বলেন, ‘কানাডায় ভিসার জন্য এটাই আমার প্রথম আবেদন। সম্ভবত প্রথম হলে একটু সময় লাগতে পারে। আমাদের বোধহয় দেরি হয়েছে। আমার কাছে অন্যকিছু বলেই মনে হয় না। আমার যুক্তরাষ্ট্র (ইউএস) ও যুক্তরাজ্যের (ইউকে) ভিসা রয়েছে। কানাডায় আগে আবেদন করিনি। এমন হতে পারে, প্রথম হয়তো, এ জন্য টাইম (সময়) বেশি লাগছে। আমার কাছে এটাই মনে হয়, অনেকেও এটাই বলেছেন। সব প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকের দুই থেকে তিন মাস সময় লাগে।’
দ্য অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ এবং কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির যৌথ আয়োজনে প্রোগ্রামটি বুধবার ইয়র্ক ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছিল। প্রোগ্রামে যোগদানের জন্য গত সোমবার (১৭ জুলাই) ঢাকা ত্যাগের কথা ছিল ঢাবি উপাচার্যের।
জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এসিওভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষাবিদ, বিশেষজ্ঞদের দিনব্যাপী এ সিম্পোজিয়ামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
এদিকে ঢাবির ভিসি কানাডার ভিসা না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কারণ পদাধিকার বলে ঢাবি ভিসি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
