কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ী উপজেলার রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ নিয়ে দুই শিক্ষকের মধ্যে জটিলতা দেখা দেওয়ায় তিন মাস ধরে বেতন-বোনাস থেকে বঞ্চিত শিক্ষক কর্মচারীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ০৬/০৪/২৩ তারিখে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসেন আলী ব্যাপারী অবসর গ্রহণ করলে অধ্যক্ষের পদ শূন্য হয়। অধ্যক্ষের অনুপস্থিতিতে সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের বিধান থাকলেও গভর্নিং বডি ওই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক এস এম রেজাউল হক মনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে। এ বিষয়ে দায়িত্ব বঞ্চিত সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন দপ্তর দায়িত্ব প্রদানের নির্দেশনা পত্র প্রেরণ করলেও রফিকুল ইসলাম সরকারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেনি কলেজ গভর্নিং বডি। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় শিক্ষক- কর্মচারীদের বেতন। এরপরও সমাধান হয়নি সৃষ্ট সংকটের। পরে গভর্নিং কর্তৃক প্রদত্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে কুড়িগ্রাম সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন রফিকুল ইসলাম সরকার। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সহকারী অধ্যাপক এস এম রেজাউল হকের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বাতিল করে সহাকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সরকারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার জন্য কলেজ গভর্নিং বডিকে নির্দেশনা প্রদান করেন। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত কলেজ গভর্নিং বডির সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সরকারের নিকট ভারপ্রাপ্ত অধ্যক্ষের হস্তান্তর করা হয়েছে। দুই ভারপ্রাপ্ত অধ্যক্ষের রশি টানাটানির ঘটনায় পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীসহ অভিভাবকরা।
ওই প্রতিষ্ঠানের প্রভাষক ও টিআর প্রতিনিধি জুয়েল সদ্দার জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হওয়ায় তিনমাস ধরে সবার বেতন বন্ধ। সোমবার সকালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা প্রতিষ্ঠানে তালা দিয়েছেন। ফলে অত্র প্রতিষ্ঠানে পাঠদান হয়নি। আশাকরি দ্রুত সমস্যা সমাধান হবে।
তৃতীয় শ্রেণির কর্মচারী নুর ইসলাম জানান, কে অধ্যক্ষ হলো সেটা আমাদের বিষয় না। আমরা ছোট পদে চাকরি করি। তিন মাস ধরে বেতন-বোনাস পাইনি। পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। সামনে একটা ঈদ গেল পরিবারকে ভাল কিছু খাওয়াতে পারিনি। খুবই কষ্টে আছি পরিবার-পরিজন নিয়ে। তাই বাধ্য হয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব কর্মচারী মিলে সকাল ৯টায় মূল ভবনে তালা লাগিয়েছি। তালা দেওয়ার কারণে কোন প্রকার পাঠদান হয়নি। পরে সভাপতি আশ্বাসে দুপুর ১২টায় তালা খুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রফিকুল ইসলাম সরকার বলেন, প্রথমে গভর্নিং বডি জেষ্ঠ্যতার ভিত্তিতে সহকারী অধ্যাপক এস এম রেজাউল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিলে আমি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অভিযোগ দায়ের করলে আদালতের নিদের্শনায় গভর্নিং বডি গত ২২/০৬/২৩ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে। আমি আদালতে ন্যায় বিচার পেয়েছি।
তিনি আরও জানান, আমাকে দায়িত্ব দেওয়ায় পূর্বের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমার দায়িত্ব পালনের স্থগিত চেয়ে আপিল করেন। আগামী ২০ জুলাই শুনানি হলে আবারও ন্যায় বিচার পাবেন বলে জানান রফিকুল ইসলাম। তবে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তিন মাস ধরে বেতন না পাওয়ায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কলেজ গেইটে তালা দেন।
এ বিষয়ে সহকারী অধ্যাপক এস এম রেজাউল হক মনি জানান, জেষ্ঠ্যতার ভিত্তিতে অত্র প্রতিষ্ঠানে গভর্নিং বডি আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে। পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক আদালতে মামলা দায়ের করলে আমার দায়িত্ব পালন স্থগিত করে সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়। পরে আমি তার বিরুদ্ধে আপিল করি এবং আদালত আমাকে দায়িত্ব পালনের অনুমতি দেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি মাহফুজার রহমান বলেন, সাবেক অধ্যক্ষ কর্তৃক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান সম্পর্কিত তথ্য ও পরিপত্র সঠিকভাবে উপস্থাপন না করায় এ জটিলতা সৃষ্টি হয়েছে। আদালত, অধিদপ্তর ও বোর্ডের নির্দেশে সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আদালত যে সিদ্ধান্ত দেবেন তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এ ব্যাপার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট জানান, আদালত যেভাবে সিদ্ধান্ত দেবে আমরা সেভাবেই কাজ করবো। যাতে করে ওই প্রতিষ্ঠানে পাঠদানে ব্যাহত না হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
