টুঙ্গিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। ছবিঃ সংগৃহীত

রাঙ্গাবালীতে নানা অনিয়মে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার টুঙ্গিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে দূনীর্তি, অসদাচরণ, তহবিল তছরুপ ও কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক জাতীয় ও আর্ন্তজাতিক দিবস পালন না করা ও নিয়োগ বাণিজ্যসহ একাধিক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি।

শিক্ষাবার্তা’কে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি  জাহিদ হাসান পিয়েল। এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল ‘রাঙ্গাবালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাহাড়সম অনিয়মের অভিযোগ!’ শিরোনামে প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষাবার্তা’য় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

সাময়িক বরখাস্থ করা চিঠি থেকে জানা যায়,  দূনীর্তি, অসদাচরণ তহবিল তছরুপ ও কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক জাতীয় ও আর্ন্তজাতিক দিবস পালন না করা, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে স্বজনপ্রীতি দেখিয়ে নিজ আত্মীয় স্বজনকে অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকুরী দেয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় অদ্য ০৮ জুলাই২০০২৩ তারিখ থেকে প্রধান শিক্ষক পদ থেকে সাময়িক বরখান্ত করা হ’ল। আনীত অভিযোগের বিষয়ে বিগত ১০ এপ্রিল ২০২৩ তারিখ শোকজ নোটিশ প্রেরণ করে আত্মপক্ষ সমার্থনের সুযোগ দেয়া হয়েছিল কিন্তু উক্ত সুযোগে তাঁর  বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক কর্তৃপক্ষকে কোন জবাব প্রদান করেননি। এমনকি প্রতিষ্ঠানটিকে নিজ সম্পত্তি মনে করে একঘেয়েমী ও খামখেয়ালীপনার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা চিঠিতে একই সময়ে বিদ্যালয়টির জ্যেষ্ঠ শিক্ষক মো: মনিরুজ্জামান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে চলতি দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে ২০১৭ সালের এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগে বিদ্যালয়টির তৎকালীন  ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শামীম মিয়া সাময়িক বরখাস্ত করেছিলেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় দক্ষিণ-পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জলিল মিয়াকে তদন্ত কমিটির চেয়ারম্যান করে। সেই তদন্তেও প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির সাবেক সভাপতি প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট  শামীম মিয়া শিক্ষাবার্তা’কে বলেন,  অসদাচরণ, তহবিল তছরুপ, অতিরিক্ত বিল করা, ৫৮ লক্ষ টাকা আত্মসাৎ, নিজ পরিবারের লোকদের নিয়োগ প্রদানসহ একাধিক অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি আরও বলেন, এই লোকটা প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা বিদ্যালয়টিকে প্রতিষ্ঠা করে এলাকার ছেলে মেয়েরা যাতে শিক্ষিত হতে পারে।  আর সে ধ্বংস করছে। একটা অভিভাবক নেই যার সাথে সে খারাপ ব্যবহার করে নাই। তার শাস্তি হওয়া দরকার।

বরখাস্ত ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে টুঙ্গিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এর আগেই শিক্ষাবার্তা’র পক্ষ থেকে এই প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে টুঙ্গিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বস্থাপনা কমিটির সভাপতি জাহিদ হাসান পিয়েল শিক্ষাবার্তা’কে বলেন, একাধিক অভিযোগে প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শোকজ করা হয়েছে। কোনো শোকজের জবাব তিনি দেননি। সাধারণ সভা আহ্বান করার জন্য তাকে চিঠি দিলেও তিনি কোন কর্ণপাত করেননি। নিয়ম মাফিক তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং জ্যেষ্ঠ শিক্ষক মো: মনিরুজ্জামান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে মোহাম্মদ নজরুল ইসলাম বিধি অনুযায়ী মূল বেতনের অর্ধেক খোরাকী ভাতা/খোরপোষ পাবেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (রাঙ্গাবালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বেও তিনি) মুজিবুর রহমান শিক্ষাবার্তা’কে বলেন, বরখাস্তের বিষয়টি আমি শুনেছি। অভিযোগও পেয়েছি। খুব শীঘ্রই তদন্ত করা হবে।

চলতি বছরের  ৩০ এপ্রিল তদন্ত করবেন বলে শিক্ষাবার্তা’কে বলেছিলেন জিজ্ঞেস করলেন তিনি আক্ষেপ নিয়ে বলেন, মাউশির তদন্ত, দুদক থেকে পাঠানো তদন্ত কোন দিকে যাব। এত অনিয়ম যে দম ফেলানোর সুযোগ পাইনা। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.