শিক্ষক ড. তাহের হত্যার দুই আসামির মৃত্যুদণ্ডের ক্ষণ গণনা শুরু

ঢাকাঃ অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তাহের হত্যা মামলার দুই আসামির মৃত্যুদণ্ডের ক্ষণ গণনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রাণভিক্ষার অবেদন নাকচের চিঠি রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেছে গত বুধবার (৫ জুলাই)। কারা বিধান অনুযায়ী ডাকযোগে এই চিঠি কারা কর্তৃপক্ষ হাতে পাবার পর ২১ দিনের কম নয় আবার ২৮ দিনের বেশি নয় এ সময়ের মধ্যে দণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর করতে হবে।

সে সময় অনুয়ায়ী এ মামলায় রাজশাহী কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং শিক্ষকের বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর হতে পারে ২৫ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যে কোন এক রাতে (যেহেতু আগস্ট মাসে কোনো ফাঁসির রায় কার্যকর করা হয় না)। কারা সূত্র বলছে, নিম্ন আদালতে রায় ঘোষণার পর থেকেই এই দুই আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রয়েছেন।

কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, প্রায় ছয় মাস পূর্বে এই দুই আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর প্রাণ ভিক্ষার আবেদন করেন। তা নকচ হবার পর গত বুধবার ডাকযোগে সেই চিঠি কারা কার্যালয়ে এসে পৌঁছায়। গত জুন মাসে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার এ আবেদন নাকচ করেন। এর মধ্যদিয়ে দণ্ডপ্রাপ্তদের পক্ষে চলমান সকল দাপ্তরিক এবং আইনী পক্রিয়াও সমাপ্ত হয়। বর্তমানে জেলকোড অনুযায়ী তাদের ফাঁসি কার্যকরের উদ্যোগ নিচ্ছে কারা কর্তৃপক্ষ।

রাজশাহী ডিআইজি প্রিজন্স কামাল হোসেন বলেন, সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকরের দিনক্ষণ ঠিক করার পর কারাবিধি অনুয়ায়ী আত্মীয় স্বজনকে শেষ দেখা করার জন্য খবর দেয়া হয়। তবে ঠিক কবে সেটি করা হবে তা এখনও নিশ্চিত করেনি কারা কর্তৃপক্ষ।

নিহত অধ্যাপক তাহেরের মেয়ে এবং এ মামলার আইনজীবী সেগুফতা আহমেদ বলেন, হত্যাকারীরা তার বাবাকে হত্যার পর বাসার পেছনে ম্যানহোলে ফেলে রাখে। হত্যাকারীদের বিচার নিশ্চিতে নিজেই আইনি লড়াইয়ে লড়েছিলাম। এখন আর কোনো বাধা না থাকায় আমরা রায় বাস্তবায়ন দেখার অপেক্ষায় রয়েছি। তবে এ বিষয়ে মহিউদ্দিনের পরিবারের কোন মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত ২ মার্চ এই আসামির ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতে দুজনের মৃত্যুদণ্ডের যে রায় দেয়া হয়েছিল তাই বহাল থাকে আপিলে। খারিজ হয়ে যায় রিভিউ আবেদনও। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা ছাড়া আর কোনো পথই খোলা ছিল না তাদের। তারপরও দুজন ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে হাইকোর্টে গত ৭ মে আবার রিট আবেদন করেন। যদিও উত্থাপিত হয়নি মর্মে সে আবেদনও পরে খারিজ করে দেন হাইকোর্ট।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবির পশ্চিমপাড়া শিক্ষকদের আবাসিক কোয়াটারের বাসা থেকে নিখোঁজ হন অধ্যাপক তাহের। ২ ফেব্রুয়ারি বাসাটির পেছনের ম্যানহোল থেকে এ শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩ ফেব্রুয়ারি অধ্যাপক তাহেরের ছেলে সানজিদ আলভি আহমেদ নগরীর মতিহার থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যদিও সেই থানায় পূর্বে করা অধ্যাপক তাহেরের নিজের করা একটি জিডির সূত্র ধরে নিজ বিভাগের শিক্ষক মহিউদ্দিন, তৎকালীন রাবি শিবির সভাপতি মাহবুবুল আলম সালেহী, বাসার কেয়ারটেকার জাহাঙ্গীরসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে আদালতে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়, একই বিভাগে অ্যাকাডেমিক কমিটির প্রধান ড. তাহের সহযোগী অধ্যাপক মহিউদ্দিনকে অধ্যাপক পদে উত্তীর্ণ হবার সুপারিশ না করায় ক্ষুব্ধ হয়ে এ শিক্ষককে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ মোট চারজন মিলে বাসার পেছনে ম্যানহোলে ঢুকিয়ে রাখে।

২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালতের বিচারক ৪ জনকে ফাঁসি ও দুজনকে খালাস দেন। দণ্ডিত অন্যরা হলেন, জাহাঙ্গীরের ভাই নাজমুল ও তার স্ত্রীর ভাই সালাম। তবে খালাস পান তৎকালীন রাবি শিবির সভাপতি মাহবুবুল আলম সালেহী। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে নাজমুল এবং সালামের রায় কমিয়ে যাবজ্জীবন করা হয়। এ দুজনের দণ্ড বৃদ্ধির জন্য আপিল করে রাষ্ট্রপক্ষ। কিন্তু শুনানী শেষে ২০২২ সালের ৫ এপ্রিল আপিল বিভাগ হাইকোর্টের দেয়া রায়ই বহাল রাখেন। অবশেষে মহিউদ্দিন এবং জাহাঙ্গীরকে ঝুলতেই হচ্ছে ফাঁসির দড়িতে। এ রায় কার্যকর দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ড. তাহেরের নিজ বিভাগ রাবি ভূ তত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকর্মীরাও।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.