সংশোধন হবে জনসংখ্যা নীতি

ঢাকাঃ জনসংখ্যা নীতি ২০১২ যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নতুন জনসংখ্যা নীতির খসড়া প্রস্তুত করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে জমা দেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। নতুন জনসংখ্যা নীতিতে জন্মহার নিয়ন্ত্রণের পাশাপাশি মৃত্যুহার কমানো এবং জনসংখ্যা ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

নতুন জনসংখ্যা নীতির খসড়া তৈরির জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্টেকহোল্ডারদের মতামত নিতে এ সভার আয়োজন করা হয়।

সভায় জনংসংখ্যা নীতি ২০১২ যুগোপযোগী করার যৌক্তিকতা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলাল হেসাইন। মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ ২০৪১ থেকে ২০৬১ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময়ে জনসংখ্যাকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে কর্মদক্ষতা সৃষ্টি, কর্মদক্ষতার উন্নয়ন, কর্মমুখী শিক্ষার সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপন নিশ্চিত করতে হবে। নতুন জনসংখ্যা নীতিতে জোর দেওয়া হবে এ বিষয়ে।

২০১২ সালের জনসংখ্যা নীতিতে ‌‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ স্লোগান ছিল। এরই মধ্যে সরকার সে স্লোগান থেকে সরে গিয়ে আগের ‘ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেস্ট’ স্লোগানে ফিরে গেছে। নতুন জনসংখ্যা নীতিতে পরিবার পরিকল্পনা কর্মসূচির সংখ্যাগত লক্ষ্যমাত্রা থেকে বের হয়ে এসে এর পাশাপাশি টেকসই রিপ্রোডাক্টিভ হেলথের জন্য নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন, বৈষম্য ও দারিদ্র্য দূরীকরণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।

অধ্যাপক হেলাল বলেন, ২০৬১ সাল পর্যন্ত বাংলাদেশে জনসংখ্যা বাড়তে থাকবে। এ সময়ে বাংলাদেশে মোট জনসংখ্যা হবে ২০ কোটি ৭০ লাখ। তবে ২০৬১ সাল থেকে বাংলাদেশে জনসংখ্যা বাড়ার হার ঋণাত্মক হবে। জনসংখ্যা বাড়ার হার ঋণাত্মক হলে কী ধরনের পরিস্থিতি হবে, কীভাবে তা মোকাবিলা করতে হবে সে সম্পর্কে এখন থেকে পরিকল্পনা করা দরকার।

সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু বলেন, পরিবার পরিকল্পনা বলতে শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, জনসংখ্যা ব্যবস্থপনাও। দক্ষ মানবসম্পদ তৈরিতে বাল্যবিয়ে, অল্প বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার মতো বিষয়গুলো বন্ধ করতে হবে। এ জন্য নারীশিক্ষা ও ক্ষমতায়ন জরুরি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.