ফাইল ছবি

খুলছে শিক্ষা প্রতিষ্ঠান: ডেঙ্গু-বন্যা নিয়ে উদ্বেগ

ঢাকাঃ ঈদুল আজহার ছুটি শেষে রোববার থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ডেঙ্গু নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা যাচ্ছে। ঈদুল আজহার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। এর মধ্যে গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। সুতরাং এবার স্কুলগুলোতে এডিস মশার বিস্তার ঘটতে পারে। ইতিমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে দেশের সব প্রাথমিক স্কুল পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটির আগে ও পরে খোলার সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সেই ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ঈদুল আজহার ছুটি-পরবর্তী অফিস/বিদ্যালয় খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যাতে করে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজনন না ঘটে। এসব বিষয়ে কার্যক্রম গ্রহণসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

রাজধানীসহ সারা দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু আক্রান্ত হয়ে এরই মধ্যে ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রী মারা গেছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বেশকিছু স্থানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ অবশ্য বলছে, বিষয়গুলো নিয়ে তারা সচেতন আছে। প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.