নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন উপলক্ষে ডাকা সভা অবশ্যই স্ব স্ব বিদ্যালয়েই করতে হবে বলে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।
গতকাল বুধবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ দিদারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্র বোর্ডের আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এস.আর.ও নং- ১৯-আইন/২০০৯ তারিখ ০৮/০৬/২০০৯ এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- শিম/শাঃ১১/১৩(আইডিএ)-৩/২০০৩ (অংশ)/৬০৮ তারিখ- ০৮/০৬/২০০৯ অনুযায়ী প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধি ৩৫(১) মোতাবেক “সকল সভা সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হইবে” মর্মে উল্লিখিত রয়েছে। প্রায়শই দেখা যায় নির্বাচনের পর সভাপতি নির্বাচনের সভা বিদ্যালয় ক্যাম্পাসে না করে প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে করা হয়- যা উল্লিখিত বিধি পরিপন্থী। ফলশ্রুতিতে মামলা মোকদ্দমাসহ কমিটি অনুমোদনে বিঘ্ন ঘটছে।
এমতাবস্থায়, প্রিজাইডিং অফিসার এবং সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উক্ত বিধি অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উক্ত বিধি অনুসরণ না করলে কমিটি অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে না।
উল্লেখ্য, শেরপুর জেলার ঝিনাগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালের অক্টোবরে। নির্বাচনে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠে। অনিয়মের অভিযোগের মধ্যে একজন এমপিওভুক্ত শিক্ষক কী ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন কি’না এবং ম্যানেজিং কমিটির সকল সভা বিদ্যালয়ে করার বিধান থাকলেও সভাপতি নির্বাচন উপলক্ষে সভা উপজেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচন উপলক্ষে আহুত এই সভা সকল সভার অন্তর্ভুক্ত কি’না, স্ব স্ব প্রতিষ্ঠানে না করে উপজেলা শিক্ষা অফিসে করা যাবে কি’না বিষয়টি সামনে আসে। এ বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড (শিক্ষাবার্তায় সংবাদ প্রকাশ: তদন্ত করল ময়মনসিংহ শিক্ষা বোর্ড)। তদন্তে উপজেলা শিক্ষা অফিসে সভাপতি নির্বাচন উপলক্ষে ডাকা সভা অনুষ্ঠিত হয় তা উঠে আসে। বিষয়টি নিয়ে শিক্ষাবার্তা প্রবিধিমালার ব্যাখ্যাসহ অন্যান্য বোর্ডের মতামত তুলে ধরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডকে দেয়। বোর্ডটি সেই তথ্য বিশ্লেষণ করে এই জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং বোর্ডের পক্ষ থেকে শিক্ষাবার্তাকে ধন্যবাদ জানানো হয়।
এ বিষয়ে বোর্ডটির বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ দিদারুল ইসলাম শিক্ষাবার্তা’কে বলেন, জরুরি বিজ্ঞপ্তির বিষয়টি শিক্ষাবার্তা’র সহযোগিতার একটি ফল। শিক্ষা সাংবাদিকতা যে শুধু শিক্ষা নিয়ে সংবাদই করবে বিষয়টি এমন নয়। শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে একে অপরের সহযোগি হয়েও কাজ করবে। তাঁর উৎকৃষ্ট উদাহরণ শিক্ষাবার্তা। আমি শিক্ষাবার্তা’কে ধন্যবাদ জানাই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
