এইমাত্র পাওয়া

ঝুনাগাছ চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তর্জাতিক পুরস্কার লাভ

শামছুল হক

ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেল নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মানসম্মত শিক্ষা প্রদান ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় এ পুরস্কার দেওয়া হয়। রাজধানীর হোটেল রেডিশনের ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশিদ, বাংলাদেশে নিয়োজিত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বর, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অ্যাড্রিয়ান চ্যাডউইক, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা। ব্রিটিশ কাউন্সিলের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর (এডুকেশন) ডেভিড মেনার্ড এবং হেড অব স্কুলস মোশাররফ তানসেন।
বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুমস প্রোগ্রাম। ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই ব্রিটিশ কাউন্সিলের এই প্রোগ্রাম। ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড প্রদান করছে ২০১২ সাল থেকে।

কানেক্টিং ক্লাসরুমস প্রোগ্রামের আওতায় ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, লেবানন, মিশর প্রভৃতি দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করেন নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল স্কুল কো-অরডিনেটর মুহাম্মদ ইমরান। এ বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ ইমরান বলেন, “স্কুলের প্রধান শিক্ষক মোঃএমদাদুল হকের প্রত্যক্ষ তত্বাবধান ও অন্য সহকর্মীদের সহযোগিতা এবং প্রতিটি কর্মকান্ডে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের ফলে আমাদের এই আন্তর্জাতিক অর্জন সম্ভব হয়েছে।“
উল্লেখ্য দেশের ১৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ‘কানেক্টিং ক্লাসরুমস’র অধীনে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.