এইমাত্র পাওয়া

শিক্ষক আমি শ্রেষ্ট সবার

মো. সাজ্জাদ হোসেন।।

শিক্ষা জাতির মেরুদন্ড । আর মেরুদন্ড গড়ার কারিগর একমাত্র শিক্ষক । আমি শিক্ষক । আমার শিক্ষক পদবীর মধ্যেই লুকিয়ে আছে আমার গুণবাচক বিশেষণ ।আমি শিষ্টাচারী,আমি ক্ষমাশীল ও আমি কর্তব্যপরায়ণ । আমি গুরু,আমি ওস্তাদ,আমি মাস্টার,আমি শিক্ষাদাতা,আমি শিক্ষা দান করি । শিক্ষা দান আমার নেশা এবং পেশা ।আমি শিক্ষা দিতে ভালবাসি এবং শিক্ষা গ্রহণ করতে ভালবাসি ।সমাজে সবাই আমাকে স্যার বলে সম্মোধন করে ।

 

কেউবা ডাকে গুরুজী বলে,কেউ ডাকে ওস্তাদজী,কেউ ডাকে হুজুর ।সমাজ আমাকে মাস্টার বলে জানে । রাষ্ট্র আমার পদবী দিয়েছে সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক,প্রভাষক,সহকারী অধ্যাপক,সহযোগী অধ্যাপক,অধ্যাপক, প্রফেসর, সহকারী অধ্যক্ষ,অধ্যক্ষ,ভাইস-চ্যান্সেলর । কিন্তু সমাজ আমাকে মাস্টার বলেই মানে ।সমাজের সহজ সরল মানুষগুলো আমার পদ-পদবী নিয়ে চিন্তিত না ।সবাই আমাকে মাস্টার বলেই সম্মোধন করে ।

 

আদিকালের সহজ সরল মানুষগুলোর ভালবাসা ও শ্রদ্ধাজ্ঞাপনের  মাধ্যমে সেই সময়ের প্রচলিত মাস্টার মশাই শব্দ আজ ও সমাজে চলমান আছে । মাস্টার শব্দটা শুনতে আমার খুব লাগে । আমি সত্যবাদী, আমি বিনয়ী,অহংকারী নয়,আমি সাদাকে সাদা এবং কালোকে কালো বলেই জানি । আমি সত্যকে লালন করি,সত্যকে ধারণ করি এবং মিথ্যাকে ঘৃণা করি ।আমি তেলবাজ নয়,আমি চাটুকার নয় ।আমি উচ্চাবিলাসী নয়,আমি সত্য,সুন্দর ও সাধারণ জীবনযাপনে বিশ্বসী একজন মানুষ । আমি নৈতিকতাবোধ সম্পন্ন একজন মানুষ । আমি ছাত্র-ছাত্রীদের কে নৈতিকতার শিক্ষা দেই ।

 “ সদা সত্য কথা বলিবে, পাপ কাজ থেকে বিরত থাকিবে ।”

মিথ্যাকে পরিহার করে সত্যের পথে অবচল থাকতে অনুপ্রাণিত করি । লোভে পড়ে,লোভের বশবর্তী হয়ে,কার ও প্ররোচনায় অথবা জীবনে কঠিন সময়ে ও যেন সত্যকে পরিহার করে মিথ্যাকে অবলম্বন না করে আমি এই শিক্ষা দেই । আমি বড়দের সম্মান এবং ছোটদের আদর করতে বলি । আমি পিতা মাতাকে ভক্তি করতে শেখাই । সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য করতে শেখাই । আমি ছাত্রদের কে আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে বলি ।

 

নিরীহ নিপিড়ীত মানুষের পাশে দাড়াতে বলি । জীবের প্রতি সদয় হতে বলি । অপচয়,অপব্যয় থেকে বিরত থাকতে বলি । ঘুষ,দুর্নীতি,সমাজ ও রাষ্টের ক্ষতিকর কাজকে পরিহার করতে বলি । বাল্যবিবাহ ও মাদক মুক্ত সমাজ গঠনের শিক্ষা দান করি । আমি সকল পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার শিক্ষা দান করি । ছাত্র-ছাত্রীকে বলি-“ পাপকে ঘৃণা কর পাপিকে নয় ।” আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল । আমি ছাত্র-ছাত্রীদের কে আইন মেনে চলতে অনুপ্রাণিত করি । আইন জানতে এবং মানতে শেখাই । আমি দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করি ।দেশ মাতৃকার সকল সন্তানকে সু-সন্তান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলি ।সকল অপসংস্কৃতি থেকে নিজেকে বিরত থাকার শিক্ষাদান করি ।

শিক্ষক আমি সবার ঘরে আলো জ্বালায় । আমার শিক্ষার আলোয় আলোকিত হয় প্রতিটি ঘর ।অন্ধজন জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করে ।

কবি গোলাম মোস্তফা যথার্থই বলেছেন-“ সকলের মোরা নয়ন ফু্টাই,আলো জ্বালি সব প্রাণে

নব নব পথ চলিতে শেখাই-জীবনের সন্ধানে ।

পরের ছেলেরে এমনি করিয়া শেষে

ফিরাইয়া দেই পরকে অকাতরে  নিঃশেষে ।”

আমি স্বপ্ন দেখাই । শিশুমনে স্বপ্নের বীজ বপন করি । স্বপ্নের প্রতি অবচিল থেকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দান করি ।

“ লেখাপড়া করে যেই ।

গাড়ী ঘোড়া চড়ে সেই ।

লেখাপড়া যেই জানে ।

সব লোকে তারে মানে ।”

আমি শাসন করি,আমি আদর করি । শিক্ষক আমি জাতি গড়ার কারিগর ।প্রখ্যাত সাহিত্যিক আবুল ফজল বলেছেন-“ শিক্ষা প্রতিষ্ঠান জাতির জনশক্তি তৈরির কারখানা আর রাষ্ট্র ও সমাজদেহের সব চাহিদার সরবরাহ কেন্দ্র ।”

আমি জাতির চাহিদা মত জনশক্তি সরবরাহ করি । জ্ঞান বিজ্ঞানের শিক্ষাদানের মাধ্যমে আধুনিক মানব সম্পদ তৈরি করি । রাষ্ট্রের আইন বিভাগ,বিচার বিভাগ ও শাসন বিভাগ পরিচালনার মত দক্ষ মানব সম্পদ তৈরি করি । রাষ্ট্রের অর্থনীতি,কৃষি,শিল্প,শিক্ষা,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ সকল দপ্তর পরিচালনার জন্য দক্ষ ও যোগ্য মেধা সম্পন্ন মানব সম্পদকে আধুনিক যুগোপযোগী করে গড়ে তুলি । কাব্য সুধাকর কবি গোলাম মোস্তফা বলেছেন-“ শিক্ষক-মোরা শিক্ষক,

মানুষের মোরা পরমাত্মীয়,ধরণীর মোরা দীক্ষক ।”

দেশ, সমাজ,প্রকৃতি ও সমাজের প্রতিটি মানুষের নিকট  আমার যে FY তা কৃতজ্ঞচিত্তে স্মরণে রেখে-

“আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,

  এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি –

  নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ।”

আমি দৃঢ়চিত্তে,বুকে বল,মনে সাহস ও সকলের শ্রদ্ধা ভালবাসা নিয়ে কবি কাজী কাদের নেওয়াজ মত দিপ্তকন্ঠে বলতে চাই- “ শিক্ষক আমি শ্রেষ্ট সবার ।”

লেখক-

প্রভাষক,হিসাব বিজ্ঞান

লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ ।

নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.