ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের ১১ ও ১২ নভেম্বর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কিন্তু শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হবে প্রতিষ্ঠানগুলো।
খোলা রাখার কারণ হিসেবে বলা হয়েছে, উপকূলীয় ১৪ জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরের মানুষ যাতে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে পারেন এবং তাদের চিকিৎসাসহ অন্যান্য সেবা দেয়া যায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘ঘূণিঝড় মোকাবেলা ও শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে উপকূলীয় এলাকার প্রাইমারি স্কুল, হাইস্কুল ও কলেজ এবং মাদরাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার সন্ধ্যা নাগাদ বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। উপকূলের ১৪টি জেলা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব জেলার স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুলে আঘাত থেকে মানুষদের জানমালের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিভিন্ন স্কুল-কলেজকে ইতোমধ্যে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে। যেসব স্কুল-কলেজ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে সেগুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ঘূণিঝড় বুলবুলের কারণে সারাদেশে জেএসসি ও জেডিসির ৯ ও ১১ নভেম্বরের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত জেএসসির ৯ নভেম্বরের গণিত বিষয়ের পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির গণিত বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর এবং ১১ নভেম্বরের জেএসসির বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ১৩ নভেম্বর এবং জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
অপরদিকে, আজ শনিবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষ এবং এলএলবির পরীক্ষা হওয়ার কথা ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম শুক্রবার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়ে বলেন, স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
ঘূর্ণিঝড় বুলবুলের বিষয়ে আবহাওয়াবিদেরা বলছেন, আজ শনিবার সন্ধ্যা নাগাদ বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। উপকূলের আটটি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর আর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল