এইমাত্র পাওয়া

প্রবাস আয়ে সুবাতাস, ২৩ দিনে ১৯৪০৩ কোটি টাকা

ঢাকাঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাস আয়ে (রেমিট্যান্স) গতি বেড়েছে। চলতি জুন মাসের ২৩ দিনে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) ১৯ হাজার ৪০৩ কোটি টাকার বেশি। প্রবাস আয় আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে আবারও দুই বিলিয়ন ডলারের ঘরে পৌঁছবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, জুন মাসের প্রথম ২৩ দিনে মোট ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার বা ১৯ হাজার ৪০৩ কোটি টাকার বেশি প্রবাস আয় এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ডলার।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ডলারের রেমিট্যান্স।

গত মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার প্রবাস আয় এসেছিল। সে হিসাবে এখন পর্যন্ত মে মাসের চেয়ে চলতি জুন মাসে রেমিট্যান্সের প্রবাহ অনেক ভালো অবস্থানে রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.