সিলেটঃ নিয়োগ বাণিজ্যের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী ও সাবেক রেজিস্ট্রার মো. নাঈমুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ কিউ এম নাছির উদ্দীন এ আদেশ দেন।
রবিবার (২৫ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের সরকারি কৌঁসুলি আলী মরতুজা কিবরিয়া।
তিনি বলেন, ‘সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
তাঁদের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ অবস্থায় দুদক বিভিন্ন মারফতে খবর পেয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের দেশ ছাড়ার শঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে দুদকের পক্ষ থেকে গত মঙ্গলবার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আদালতে একটি আবেদন করেন। এরপর আদালত আগামী ৬০ দিনের জন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
গতবছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কার্যক্রমের পর ৭ নভেম্বরে তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালুর আগেই ইউজিসি অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত শতাধিক ব্যক্তিকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অস্থায়ীভাবে দেওয়া এসব নিয়োগে উপাচার্যের আত্মীয়স্বজন থেকে শুরু করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, প্রভাবশালী নেতাদের স্বজন ও ঘনিষ্ঠজনেরা আছেন।
তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে, ১০৯টি পদে নিয়োগের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়। এটি দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী।
সিলেট শহরের চৌহাট্টা এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে প্রশাসনিক কার্যক্রম চলছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য শহরের পাশে দক্ষিণ সুরমা এলাকায় ভূমি অধিগ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা উপাচার্যের মেয়াদ শেষে চলতি বছরের ১ জানুয়ারি সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন। এর আগে গত বছরের ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান আবুল কালাম মো. ফজলুর রহমান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
