কুমিল্লাঃ চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিদ্যালয়টি ১৯৬৯ সালে স্থাপিত হওয়ার পর গত ২০০৮ সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন মো. আবুল কাসেম। গত প্রায় চার বছর থেকে কমিটিবিহীনভাবে বিদ্যালয় পরিচালনা, ভুয়া বিল-ভাউচারে টাকা খরচ, কোনো প্রকার অডিট করানো হচ্ছে না বিদ্যালয়ে, বিদ্যালয়ের এফডিআর তহবিল পূবালী ব্যাংক থেকে সরিয়ে সভাপতির এজেন্ট ব্যাংকে রাখা, চুক্তিভিত্তিক পুনঃনিয়োগ, লাইব্রেরিয়ান থাকলেও কোনো কার্যক্রম না থাকাসহ নানান অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার ৪০০ জন। শিক্ষক ও কর্মচারী রয়েছেন ১৫ জন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. আবুল কাসেম বলেন, গত তিন বছরের বেশি সময় ধরে করোনা মহামারির কারণে নির্বাচন দেওয়া সম্ভব হয়নি। এভাবে বিভিন্ন ঝামেলার কারণে অ্যাডহক কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালিত হচ্ছে। সর্বশেষ কমিটি ১৯ ফেব্রুয়ারি গঠন করা হয়েছে। মেয়াদ শেষে নির্বাচন দেওয়া হবে। আর সঠিক বিল-ভাউচারে সবার স্বাক্ষরে টাকা খরচ করা এবং নিয়মিত হিসাবের টাকা ব্যাংকে রাখা হয়। বিদ্যালয়ে জেলা অফিস থেকে একবার অডিট করা হয়েছে। আমাদের এফডিআরের টাকা আগে পূবালী ব্যাংকে ছিল। সেখান থেকে উত্তোলন করে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের চৌধুরী বাজার এজেন্ট শাখায় রাখা হয়েছে। এ বিদ্যালয়ের আবু তাহের নামে এক শিক্ষক অবসরে যাওয়ার পর তার মানসিকতা বিচার করে কমিটির মাধ্যমে তাকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং লাইব্রেরিয়ান যিনি আছেন বর্তমানে তিনি শিক্ষক হিসাবে ক্লাস নিচ্ছেন।
এ বিষয়ে বিদ্যালয় সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া বলেন, আমি এখান থেকে কিছু নিতে আসিনি, বরং আমি অনেক টাকা ডোনেশন দিয়েছি। একটি অসাধু চক্র বিদ্যালয় থেকে সুবিধা নিতে না পেরে এমন অভিযোগ করেছে। নিয়মবহিভূত কোনো কাজ করা হয়নি। এফডিআরের টাকা পূবালী ব্যাংক ৬% দিত তাই এটাকে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আমরা বর্তমানে ৯% পাচ্ছি। যা করা হয়েছে সবকিছু রেজুলেশন মোতাবেক করা হয়েছে।
তিনি বলেন, আমি সভাপতি হওয়ার আগে বিদ্যালয়টি অনেক টাকা ঋণগ্রস্ত ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর বর্তমানে ৪০ লাখ টাকার বেশি বিদ্যালয় ফান্ডে জমা রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
