শাহানাজ পারভীন :
দিনাজপুর শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষক হয়রানির প্রতিবাদে দিনাজপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে ২০২৬) “সচেতন শিক্ষক, দিনাজপুর” ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি, অযৌক্তিক হয়রানি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষক সমাজ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
বক্তারা আরও বলেন, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে সেবার নামে হয়রানি ও অনৈতিক সুবিধা গ্রহণের প্রবণতা বেড়ে গেছে। দ্রুত এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষকবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
শিক্ষক নেতা মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোঃ শহিদুল ইসলাম, কাজী আব্দুর রহিম, আব্দুল মালেক, মোঃ ইসহাক আলী, মোঃ মোকারম হোসেন, মুক্তার হোসেন, মোঃ রুস্তম আলী, আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুর্নীতি ও শিক্ষক হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তারা শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

