হাওরপাড়ের স্কুলে ধারণক্ষমতার দ্বিগুণ শিক্ষার্থী

নেত্রকোণাঃ জেলার প্রত্যন্ত হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলা। ২৫ হাজারেরও বেশি মানুষের এ উপজেলা সদরে মাত্র একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নেই কোনো বেসরকারি বিদ্যালয়। ফলে এই বিদ্যালয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত চাপে শিশুরা মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।

এ অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিদের দাবি আরও একটি স্কুল স্থাপন করে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার।

সরেজমিনে খালিয়াজুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অতিরিক্ত শিক্ষার্থীর নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এখানে প্রাক-প্রাথমিকসহ পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪৫২ জনের বেশি শিক্ষার্থী রয়েছে। ‍আর শিক্ষক আছেন ১০ জন।

পাঁচটি শ্রেণিকক্ষের মাধ্যমে চলছে এই পাঠদান। প্রতিটি ক্লাসে গাদাগাদি করে বসে আছে শিক্ষার্থীরা। কেউ কেউ জায়গা না পেয়ে মেঝেতে বসে ও দাঁড়িয়ে ক্লাস করছে।

যেখানে একটি ক্লাসের ধারণ ক্ষমতা ৩০ থেকে ৩৫ জন সেখানে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থীর রয়েছে। বিদ্যালয়টি অবকাঠোমোর কোনো উন্নয়ন নেই। অতিরিক্ত চাপে জন্য আদালা কোনো শাখাও করা হয়নি। এ ছাড়া শিক্ষক সংকটও রয়েছে।

এই অঞ্চলে নেই কোনো বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এতে করে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থীর চাপে ব্যাহত হচ্ছে মানসম্পন্ন লেখাপড়া।

বিদ্যালয়টির শিক্ষকরা জানান, একেকটি শ্রেণিকক্ষে গাদগাদি করে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থীকে পাঠদান দিতে হচ্ছে। ফলে শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

খালিয়াজুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ বলেন, “সদরে ১৭টি পাড়া রয়েছে। ছয় হাজার ভোটার। এখানে শিক্ষার্থীও অনেক। স্কুলে জায়গা নেই। একটি ক্লাসে ৩০-৩৫ জন ধারণ ক্ষমতা থাকলেও সেখানে ৭০-৮০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এতে লেখাপড়া ব্যাহত হচ্ছে। নতুন স্কুল স্থাপন করা জরুরি।”

শিক্ষার্থীদের অভিযোগ, বসার জায়গা না পেয়ে অনেক সময় দাঁড়িয়ে ক্লাশ করতে হয়। তারা ঠিকমত লেখাপড়া করতে পারছে না তারা।

বিদ্যালয়টির শিক্ষার্থী অনুপম বর্মণ বলে, “ক্লাসে জাগা নাই। দাঁড়ায়া তাকতে হয়। স্যারেরা কী পড়ায় শোনাই যায় না। ঠিকমত লেখাপড়া করতে পারতাছি না “

উপজেলা সদরের বাসিন্দা অর্চনা রায়ের মেয়ে পড়ে খালিয়াজুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি বলেন, “ইস্কুলে পাঠাই ঠিকই মেয়েরে। কিন্তু লেখাপড়ার অবস্থা নাই। স্যারেরা পড়াইলে কী আইবো, এত ছাত্রছাত্রী ঠাসাঠাসি কইরা বেঞ্চে বসে। স্যারেরার পড়াতো হেরা বুঝতেই পারে না।“

খালিয়াজুরী সদরের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম তালুকদার বলেন, “পিছিয়ে থাকা হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে এই এলাকায় আরও একটি সরকারি প্রাথমিক স্কুল স্থাপন করা দরকার। শিক্ষাকে এগিয়ে নিতে সদরে প্রাথমিকের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিকল্প নেই। দিন দিন জনসংখ্যা বেড়েই চলেছে। এ কারণেই শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে।”

স্থানীয় বাসিন্দা মহসিন মিয়া কাজ করেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। সংস্থাটির অন্য কাজের পাশাপাশি শিশু-কিশোর,তরুণ-তরুণীদের মাঝে নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজের সঙ্গে সম্পৃক্ত তিনি।

তিনি বলেন, “সদরে ১৭টি পাড়া, প্রতিটা একেকটা গ্রামের সমান। এতো বড় এলাকা। অথচ এখানে মাত্র একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রত্যন্ত হাওরাঞ্চল হওয়ায় এখানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে উঠেনি। এরকম অবস্থায় মানসম্পন্ন লেখাপড়া বিঘ্ন হচ্ছে। এতে করে স্থানীয় শিশুরা দেশের অন্য এলাকার শিশুদের থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে।”

খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আবু ইছহাক বলেন, “স্কুলে ধারনের চেয়ে শিক্ষার্থী বেশি। ঠিকমত লেখাপড়া হচ্ছে না। উপায়ও নাই। আর কোনো স্কুল নাই। নতুন একটা স্কুল স্থাপনের জন্যে সরকারের কাছে দাবি জানিয়েছি।”

তিনি আরও বলেন, “উপজেলা সদরে চারটি ওয়ার্ড। এখানে মাত্র একটি স্কুল। ৫০০ বেশি ছাত্র-ছাত্রী। শ্রেণিকক্ষ কম। ছাত্রছাত্রীরা বসতে পারে না। সবাই বেঞ্চে বসে ক্লাশ করতে পারে না। ফ্লোরে বসে ক্লাশ করার মত জায়গা হয় না।”

মানসম্মত শিক্ষা ব্যাহত হওয়ার বিয়টি স্বীকার করে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) রুয়েল সাংমা বলেন, “সদরে এটি একমাত্র সরকারি প্রাইমারি বিদ্যালয়। স্কুলটি আমি দুই-তিনবার পরিদর্শন করেছি। দেখেছি সেখানে ৬০০ বেশি ছাত্রছাত্রী আছে। ক্লাশরুমও সংকুলান না।”

নতুন আরও একটি স্কুল স্থাপনের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, “আমরা এর মধ্যে সদরে আরেকটি প্রাইমারি স্কুল স্থাপনের পদক্ষেপ নিয়েছি। প্রাইমারি অধিদপ্তরকে জানিয়েছি এবং চিঠিও লেখা হয়েছে।”

খালিয়াজুরী সদরে আরেকটি বিদ্যালয় হয়ে গেলে এ এলাকার ছাত্রছাত্রীদের জন্যে খুবই সহায়ক হবে বলে জানান ইউএনও।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.