শিক্ষিতদের চাকরির সুযোগ সৃষ্টিতে ১৯১ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকাঃ বাংলাদেশের উচ্চ শিক্ষিতদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি এবং নারী শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে ১৯১ মিলিয়ন মার্কিন ডলার বা ২ হাজার ৪৩ কোটি টাকা দেবে বিশ্ব ব্যাংক। প্রতি ডলার ১০৭ টাকা ধরে।

সোমবার এ সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং বিশ্ব ব্যাংকের পক্ষে বিশ্ব ব্যাংক, ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইআরডি জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বাংলাদেশ বিশ্ব বিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক এই প্রকল্পটি জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়ন করা হবে। বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে এসডিআরে বর্ণিত ঋণ গ্রহণ করা হবে এবং গৃহীত ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। এসডিআরে গৃহীতব্য ঋণের অর্থের ওপর বার্ষিক ০.৭৫% হারে সার্ভিস চার্জ এবং ১.২৫% হারে সুদ প্রদান করতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর বার্ষিক ০.৫০% হারে কমিটমেন্ট ফি প্রদেয় হবে। তবে বিশ্ব ব্যাংক চলতি অর্থবছরসহ দীর্ঘদিন ধরে কমিটমেন্ট ফি মওকুফ করে আসছে।

গত এক দশকের অধিক কাল ধরে বাংলাদেশ অর্থনীতির বিভিন্ন সূচকে তাৎপর্যপূর্ণ উন্নয়ন অর্জন করেছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় চ্যালেঞ্জ হলো কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রের অবর্ণনীয় ক্ষতি মোকাবিলা এবং উচ্চ শিক্ষিতদের চাকরির সুযোগ সৃষ্টি করা। এ ছাড়া দক্ষিণ এশিয়া অঞ্চলের নারীদের উন্নয়নের একটি বিরাট সম্ভাবনা ও সুযোগ রয়েছে। বাংলাদেশের উচ্চ শিক্ষিতদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি এবং নারী শিক্ষার হার বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির প্রধান প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে-বাজার চাহিদাভিত্তিক শিক্ষা কোর্স প্রবর্তন, উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সংযোগ বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের জন্য একাডেমিক ভবন নির্মাণ এবং মহিলা কলেজ ও বিশ্ব বিদ্যালয়গুলোর মধ্যে আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপন ইত্যাদি।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংক বাংলাদেশের জন্য সর্ববৃহৎ বহুপাক্ষিক উন্নয়ন অংশীদার। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিশ্ব ব্যাংক বাংলাদেশের উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষা, অভ্যন্তরীণ যোগাযোগ ও লজিস্টিক, আঞ্চলিক ও বৈশি^ক সমন্বয়, নগরায়ণসহ বিভিন্ন খাতে অর্থ যোগান দিয়ে আসছে। ২০২২-২৩ অর্থবছরে বিশ্ব ব্যাংক থেকে এ পর্যন্ত মোট ৩.৬০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা এক বছরে বাংলাদেশের জন্য বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ অর্থায়নের প্রতিশ্রুতি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.