শর্ত শিথিল করে স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিও নীতিমালার শর্ত শিথিল করে স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তিসহ ৭ দাবি জানিয়েছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া প্রতিবছর চালু রাখা, ফরম পূরণকৃত সব শিক্ষার্থীকে পরীক্ষার্থী হিসেবে গণ্য করা এবং স্বীকৃতির নম্বর পুনর্বহাল রাখাও তাদের দাবি। এসব দাবি পূরণ না হলে তারা রাজপথে নামার হুমকিও দেন।

বুধাবার (১৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আগামী ১৭ জুলাই সারাদেশের ননএমপিও শিক্ষক-কর্মচারীরা ঢাকার জাতীয় প্রেসক্লাবের জমায়েত হবেন। সেখান থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে সকাল এগারোটায় প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম। বিদ্যমান এমপিও নীতিমালায় স্কুল ও মাদরাসার ক্ষেত্রে কিছুটা সহনীয় হলেও কলেজের ক্ষেত্রে খুবই কঠিন হয়েছে বলে দাবি করেন তিনি। মফস্বল এলাকায় নীতিমালা অনুসারে কাম্য শিক্ষার্থী পাওয়া কলেজের জন্য অসম্ভব হয়ে উঠেছে। এর ফলে একাদশ শ্রেণিতে চলতি ভর্তিবর্ষে অনেক কলেজে একজনও ভর্তি হননি। আবার কোথাও দশ জন করে।

ননএমপিও শিক্ষকদের দাবির মধ্যে আরো রয়েছে, প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে বিদ্যমান শূন্য নম্বরের বিধান তুলে দিয়ে প্রাপ্যতা অনুযায়ী নম্বর দিতে হবে। ডিগ্রি কলেজের শর্তাবলী পূনর্বিচেনা করে আবেদনের আওতায় আনা এবং সর্বশেষ তিন বছরের পাবলিক পরীক্ষার ফল বিবেচনা করতে হবে।

আহ্বায়ক বলেন, অধিকাংশ ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী দুই দশক বা তারও বেশি সময় ধরে বিনাবেতনে চাকরি করছেন। অনেকের ননএমপিও থেকেই অবসরে গেছেন, কেউ কেউ মৃত্যবরণ করেছেন। আবার অনেকের চাকরির বয়স আছে মাত্র ৫ থেকে ৭ বছর। এ কারণে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করে সরকার এই সমস্যার সমাধান করবে বলে আমরা প্রত্যাশা করি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.