নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্র ইকরাম হোসেন প্রান্ত বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এবং শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র। গত ১৫ মে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশটি আজ বুধবার সকলের নজরে আসে।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের সাতজন ছাত্রী ইকরাম হোসেন প্রান্তর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এর মধ্যে ছয় ছাত্রীর অভিযোগ প্রান্ত স্বীকার করে নেওয়ায় তার অনৈতিক যৌনলিপ্সা চরিতার্থ করার প্রবণতা ও অছাত্রসুলভ আচরণ প্রমাণিত হয়েছে। এ প্রেক্ষিতে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৩(২)(খ) ধারা অনুযায়ী তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।
উক্ত সময়ের জন্য আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিষ্কৃত শিক্ষার্থীর অবস্থান নিষিদ্ধ করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
