ঢাকাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত বেসিক ট্রেড (৩৬০ ঘণ্টা) ৩/৬ মাস মেয়াদি কোর্স কারিগরি শিক্ষা বোর্ডেই চলমান রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ শর্ট কোর্স ঐক্য পরিষদ।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পরিষদের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শর্ট কোর্স ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মো. নাসির উদ্দিন ভূঞা বলেন, ২০০২ সালের আগে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সসমূহ পরিচালিত হতো বগুড়ার নট্রামস থেকে। ২০০২ সালের জানুয়ারিতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের জানিয়ে দেওয়া হয়— এখন থেকে নট্রামসের অধীনে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চলবে না। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে ২০০২ সালের ১২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত মোতাবেক আমাদেরকে বলা হয়, অ্যাফিলিয়েশন প্রদানের দায়িত্ব কারিগরি শিক্ষাবোর্ড পালন করবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা পুনরায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের যথাযথ নিয়ম অনুসরণ করে প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন নিয়ে বোর্ডের নীতিমালা, প্রবিধান ও শিক্ষার্থীদের পাঠ্যক্রম অনুসরণে প্রতিষ্ঠানসমূহ বোর্ডের সকল কারিকুলাম মেনে দীর্ঘ ২১ বছর ধরে কম্পিউটার কোর্সসহ ১২০টি ট্রেডে অদক্ষ শিক্ষার্থীদেরকে (৩৬০ ঘণ্টা) ৩/৬ মাস মেয়াদি ট্রেড কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছি।
বর্তমানে ৩৫৩৮টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শর্ট কোর্স পরিচালিত হচ্ছে উল্লেখ করে নাসির উদ্দিন ভূঞা বলেন, গত বছরের ৮ সেপ্টেম্বর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভার আলোচ্যসূচি ৬- এর সিদ্ধান্ত ৬.১ হতে ৬.৭ এর রেজুলেশনের মাধ্যমে জানতে পারি, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত (৩৬০ ঘণ্টা) ৩/৬ মাস মেয়াদি কোর্সসমূহ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। বিষয়টি আমাদের আহত করেছে এবং আমরা অত্যন্ত ভীত-সন্ত্রস্ত। কারণ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মাত্র ৫ থেকে ৬টি ট্রেড/অকুপেশনে এনটিভিকিউএফ লেভেল নিয়ে কাজ করছে। এদিকে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) মেয়াদি ১২০টি ট্রেড/অকুপেশন নিয়ে কাজ করছে। শিক্ষার যেমন বিভিন্ন স্তর রয়েছে তাদের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার এডুকেশনের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (৩৬০ ঘণ্টা) মেয়াদি কোর্স প্রাইমারি শিক্ষার মতো শুধুমাত্র সার্টিফিকেট কোর্সটি পরিচালনা করে থাকে। অন্যদিকে, এনএসডিএ এনটিভিকিউএফ লেভেল ২ থেকে লেভেল ৪ পর্যন্ত পরিচালনা করে। ফলে দুই কোর্সের মধ্যে সাংঘর্ষিক কোনো বিষয় নেই, বরং সার্টিফিকেট কোর্স করার পর কোনো প্রশিক্ষণার্থী উচ্চতর প্রশিক্ষণ নিতে চাইলে এনএসডিএ’র অধীনে লেভেল ২ থেকে লেভেল ৬ পর্যন্ত কোর্স করে উচ্চপর্যায়ের ট্রেইনার তৈরি করতে পারবে। এই ৩৬০ ঘণ্টা মেয়াদি কোর্সটি কারিগরি শিক্ষা বোর্ড থেকে বন্ধ করলে এনএসডিএ’র অধীনের প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণার্থী স্বল্পতায় পড়বে। সেইসঙ্গে দেশের কারিগরি শিক্ষার হার মুখ থুবড়ে পড়বে। তাই কোর্সটি বন্ধ না করে দুই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শর্ট কোর্স ঐক্য পরিষদের সমন্বয়ক মো. আফসার আলী, মো. মোস্তাফিজার রহমান, শামীম আরা বেগম, মো. মুনিরুজ্জামান আকন, মো. জাকির হোসেন স্বপন প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
