গভীর রাতে সাদা পোশাকে প্রধান শিক্ষককে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ জেলায় গভীর রাতে সাদা পোশাকে এক মাদ্রাসার প্রধান শিক্ষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে তানোর উপজেলার সাতপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাওলানা কারি তারেক আহমেদ (৩৩) পার্শ্ববর্তী চাঁদলাই গ্রামের আফজাল হোসেন দারুস সুন্নাহ একাডেমির (নুরানি মাদ্রাসা ও এতিমখানা) প্রধান শিক্ষক। এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা বেগম তানোর থানায় একটি জিডি করেছেন।

ওই মাদ্রাসার আরেক শিক্ষক হাবিবুর রহমান জানান, বুধবার রাতে তারাবির নামাজে ইমামতি শেষে বাসায় ফেরেন মাওলানা তারেক আহমেদ। এর পর খাওয়াদাওয়া শেষে ‘আসছি’ বলে বাসার বাইরে যান। কিন্তু তার পর আর ফেরেননি।

তবে রাত ১১টার দিকে হাবিবুর রহমানকে ফোন করে তিনি বলেন, ‘আমি খুব বিপদে আছি। সাদা পোশাকধারী কয়েকজন লোক আমাকে তুলে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে তা বুঝতে পারছি না। বিষয়টি আমার পরিবারকে জানিয়ে দিয়েন’। এর পর কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে তারেকের ফোন বন্ধ। তাকে পাওয়া যাচ্ছে না।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, মাওলানা তারেক আহমেদ মাদ্রাসার একজন শিক্ষার্থীকে একাধিকবার বলাৎকার করেছিলেন। নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবার বিষয়টি জানার পর তাকে মাদ্রাসা থেকে নিয়ে চলে যায়। তারা পুলিশে অভিযোগও করেনি। হুজুর নিখোঁজ হওয়ার পর এটি আমরা জানতে পেরেছি। তবে জেলা পুলিশ তাকে আটক করেনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.