এইমাত্র পাওয়া

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

শিক্ষাবার্তা ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও অসহযোগিতা করার অভিযোগ উঠেছে বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত মঙ্গলবার এ নির্দেশনা দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।

জানা গেছে, ২০২২ খ্রিষ্টাব্দের ৩ জুন বরিশালসহ দেশের ৩১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা কেন্দ্র ছিলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত বছরের ৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো এক চিঠিতে বলা হয়, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব ও প্রধান শিক্ষক টিপু সুলতান ইচ্ছাকৃতভাবে পরীক্ষা কেন্দ্রে অসহযোগিতা ও অনিয়ম করেন। এতে পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা মোকাবিলা করতে প্রশাসনের যথেষ্ট বেগ পেতে হয়েছে। তাই কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক টিপু সুলতানের অনিয়ম ও অসহযোহিতার বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অনুরোধ করেছিলো গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.