হবিগঞ্জের মাধবপুরে কিশোর গ্যাং সদস্যদের অত্যাচারে মাসুমা (১৪) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুমা উপজেলার আন্দিউড়া গ্রামের মরতুজ আলীর মেয়ে।
সহপাঠীরা জানায়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মাসুমাকে নিয়ে তারা আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাবে গান শিখতে যায়। এ সময় আন্দিউড়া গ্রামের কিশোর গ্যাং সদস্য নয়ন, ইমন, বিজয়, আরমান নামে ৪ বখাটে বিদ্যালয়ের কক্ষে ঢুকে তার উপর শারীরিক নির্যাতন শেষে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় আবারও তার হাত ধরে টানাটানি করে ‘ভাবি’ বলে সম্বোধন করে ওই বখাটেরা।
নিহতের মা মাসকুরা জানান, প্রায় ১ বছর ধরে একই গ্রামের মনু পাঠানের ছেলে নয়নের নেতৃত্বে বখাটেরা বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মাসুমাকে উত্ত্যক্ত করে আসছে। তাদের অভিভাবকের কাছে বিচার দিয়েও কোন লাভ হয়নি। শুক্রবার বিকেলে স্কুল থেকে ফিরে মাসুমা মন খারাপ করে বাড়িতে চুপচাপ বসে থাকে। পরে বখাটেদের অপমান সইতে না পেরে হঠাৎ করে বিষ পান করে।
মাসুমার বাবা মরতুজ আলী জানান, মাসুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। মেয়ের এ পরিণতির জন্য তিনি নয়নসহ দায়ী বখাটে কিশোরদের দৃষ্টান্তমূলক বিচার চান।
শনিবার সকালে আন্দিউড়া গ্রামে মাসুমার বাড়িতে গিয়ে দেখা যায় মাসুমার মৃত্যু সংবাদ পেয়ে তার সহপাঠীরা ও এলাকার লোকজন ভিড় জমিয়েছেন। অভিযুক্ত কিশোর নয়নের বাড়িতে গিয়ে দেখা যায়, নয়নের মা বাবা আত্মীয়-স্বজন গা ঢাকা দিয়েছেন।
অভিযুক্ত নয়নের মামি রেহেনা বেগম জানান, তারা মাসুমার ওপর নির্যাতনের কথা শুনেছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
