এইমাত্র পাওয়া

২৬ মাস ঝুলে আছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাবার্তা ডেস্কঃ  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে ১৭টি পদে ৪৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের প্রায় দুই বছর পরও এখনো কাউকে নিয়োগ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ সময় পরও এখনো নিয়োগপ্রার্থীদের ডাকতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ এসব পদের বিপরীতে কয়েক হাজার আবেদন জমা পড়েছে বলে জানাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্র।

দীর্ঘ সময় পার হওয়ার পরও নিয়োগর পরীক্ষা না হওয়ায় আবেদনকারীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে। অনেকের বয়সসীমা পার হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নানান প্রতিবন্ধকতায় নিয়োগ না হলেও কখন হবে এখনো সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। কবে নাগাদ সিদ্ধান্ত হতে পারে সেই বিষয়ে স্পষ্টত কিছু জানাতে পারেননি খোদ ভিসিও।

২০২০ সালের ২৩ নভেম্বর প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে দেখা যায়, অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে চতুর্থ শ্রেণির কর্মচারী অফিস সহায়ক পর্যন্ত ১৭টি পদে ৪৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তি প্রকাশের পর কয়েক হাজার নিয়োগ প্রার্থী আবেদন করেন। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের দুই বছর দুই মাস পর এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি প্রশাসন। এদিকে আবেদনের এতদিন পরও লিখিত পরীক্ষা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন আবেদনকারীরা। তারা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন।

আবেদনকারী এক প্রার্থী বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের পর আমি সেকশন অফিসার, একাউন্টস অফিসার (বাজেট), এসিট্যান্ট একাউন্টস অফিসার (হিসাব) তিনটি পদে আবেদন করেছি। তিনটার বয়সসীমা রয়েছে অনুর্ধ্ব ৩০ বছর। এমনিতেই করোনাকালে নিয়োগ বন্ধ থাকায় আমরা পিছিয়ে পড়েছি।’

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. সেলিনা আখতার বলেন, করোনার জন্য তখন নিয়োগ পরীক্ষা নেওয়া যায়নি, এরপর সাত মাস ভিসিবিহীন ছিল বিশ্ববিদ্যালয়।

এখনো নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি জানিয়ে ভিসি বলেন, সামনেই সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করছি দ্রুত এর সমাধান হবে। নতুন করে আবারো সার্কুলার দেওয়া হবে নাকি আগেরটাই বহাল থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.