এইমাত্র পাওয়া

বুটেক্স শিক্ষার্থীর কাছে পুলিশের চাঁদা দাবি

শিক্ষাবার্তা ডেস্কঃ রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দুই শিক্ষার্থীকে আটকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা এসে ওই দুজনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যান। গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টায় এই ঘটনা ঘটেছে।

জানা যায়, অপূর্ব এবং দেবরাজ নামে প্রথম বর্ষের দুই শিক্ষার্থী হাতিরঝিলের ওয়েস্ট ব্রিজের দাবাকোট সংলগ্ন একটি স্থানে বসে সিগারেট খাচ্ছিলেন। সে সময় কয়েকজন পুলিশ এসে তাদের বিরুদ্ধে গাঁজা খাওয়ার অভিযোগ আনেন। এরপর তাদের আটক করে দুই হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা গাঁজা খাওয়ার কথা অস্বীকার করলে দুপক্ষে তর্কাতর্কি হয়। এ সময় পুলিশ দুই শিক্ষার্থীকে জোর করে গাড়িতে তুলতে চেষ্টা করেন।

এদিকে বুটেক্সের দুই ছাত্রকে আটকের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং বুটেক্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জয় ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে হাতিরঝিল থানার উপপুলিশ কমিশনার আব্দুর রশিদের উপস্থিতিতে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অপূর্ব ও দেবরাজসহ ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি আব্দুর রসিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.