এইমাত্র পাওয়া

মধ্যরাতে চবির ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটক

শিক্ষাবার্তা ডেস্কঃ মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী ছাত্রহোস্টেলের একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাসে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে আটক করা ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। অভিযানের সময় পাশের ১০৪ নম্বর কক্ষ থেকে গাঁজাও উদ্ধার করা হয়। এছাড়া অভিযান চলাকালে বহিরাগত এক যুবকের মোবাইলফোনও জব্দ করেছে প্রক্টরিয়াল বডি।

আটককৃত ছাত্রীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

জানা যায়, ওই ছাত্রী অনুমতি ছাড়াই ছাত্র হোস্টেলে অবস্থান করছিলেন। নিয়মানুযায়ী অনুমতি ছাড়া ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে প্রবেশ করতে পারে না। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির ভয়েই ছাত্রীটি হোস্টেলের একটি কক্ষে প্রবেশ করেছেন বলে দাবি মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের।

এ বিষয়ে চারুকলা ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম বলেন, ‘এক জুনিয়র মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আমাদের বান্ধবী হোস্টেলের সামনে অবস্থান করছিল। এসময় হুট করেই ইনস্টিটিউটে পুলিশ ও প্রক্টরিয়াল বডি প্রবেশ করে। তখন সে ভয় পেয়ে সামনে যে রুমটি পেয়েছে সে রুমেই ঢুকে পড়েছে।’

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘অভিযান চলাকালে ছাত্রদের হোস্টেলের একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করা হয়েছে। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় স্বল্প পরিমাণ গাঁজা ও বহিরাগত এক যুবকের মোবাইল জব্দ করা হয়েছে।’

গত বছরের ২ নভেম্বর থেকে চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ২২ দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন। শুরুতে তাদের আন্দোলন ইনস্টিটিউটের সংস্কার দাবিতে শুরু হলেও পরবর্তীতে তারা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি জানাতে থাকেন।

টানা ৮২ দিন আন্দোলনের পর গত ২৩ জানুয়ারি শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও ৭ দিনের আল্টিমেটাম শেষে আবারও ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীদের একাংশ।

অপরদিকে একইদিন ইনস্টিটিটিউটের মূল ফটকে সংস্কার আন্দোলনকারীদের পুনরায় তালা দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের অপর একটি অংশ। এসময় তারা ক্লাস চালু রাখার দাবি জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.