নিউজ ডেস্ক।।
ওমিক্রনকে মৃদু সংক্রমণ বলে উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রস আধানম গেব্রিয়াসুস। গত এক সপ্তাহে বিশ্বে ৯৫ লাখ মানুষ আক্রান্ত হওয়ায় এবং করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার হার ৭১ শতাংশতে উঠে আসায় এমন মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সংস্থাটির প্রধান বলেছেন, গত সপ্তাহে মৃত্যুর সংখ্যা কমলেও করোনা শনাক্তের হার বেড়েছে। তিনি বলেন, বছর শেষে ছুটির কারণে এবং পরিস্থিতিকে অগ্রাহ্য করার কারণে বেড়েছে সংক্রমণ।
তেদ্রস আধানম বলেন, করোনার অন্যান্য ধরনের মতো ওমিক্রনের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। ওমিক্রন সুনামির মত বাড়ছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই নতুন ধরনের কারণে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাচ্ছে। রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপের মুখে পড়েছে বলেও জানান তিনি।
জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থাটি জানিয়েছে, সাপ্তাহিক হিসাবে ৯৫ লাখ ২০ হাজার ৪৮৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় মারা গেছেন, ৪১ হাজার ১৭৮ জন। এর আগের সপ্তাহে করোনায় মারা যান ৪৪ হাজার ৬৮০ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
