নিজস্ব প্রতিবেদক।।
জানুয়ারি মাসেই সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসছে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে। একই সঙ্গে জানুয়ারিতে কম বৃষ্টির পূর্বাভাসও দেয়া হয়েছে।
রোববার (২ জানুয়ারি) দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবহাওয়া অধিদফতর গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠকে এ পূর্বাভাস দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।
পূর্বাভাসে জানানো হয়েছে, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া এ মাসে দেশে ২-৩টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহে রূপ নিতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে।
জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে।
চলতি মাসে দেশের সব প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক পানি প্রবাহ থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
