এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সশরীরে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের বৃহস্পতিবার সশরীরে পাঠদান শুরু হয়েছে। একইসঙ্গে অনলাইনেও শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি গুচ্ছে শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে। এর মধ্যে প্রথম গুচ্ছে শনি ও মঙ্গলবার, দ্বিতীয় গুচ্ছে রবি ও বুধবার এবং তৃতীয় গুচ্ছে সোম ও বৃহস্পতিবার ধারাবাহিকভাবে অনার্স ১ম, ২য়, তৃতীয়, মাস্টার্স শিক্ষার্থীদের ক্লাস চলবে। এর পাশাপাশি চলমান অনলাইনেও পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত সূচি অধিভুক্ত সব কলেজগুলোতে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনার কারণে সৃষ্ট সেশনজট নিরসনে কোর্সভুক্ত প্রতিটি বিষয়ে বর্ষওয়ারী ক্লাস শুরু ও শেষ, ফরম পূরণ, পরীক্ষা শুরু ও শেষ এবং ফলাফল প্রকাশের নির্দেশনা প্রত্যেক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে আনতে বছরে ১৯৫ দিন শ্রেণি কার্যকাল নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী চলমান সেশনে ভর্তিকৃত ১ম বর্ষের শিক্ষার্থীরা ডিসেম্বর ২০২৪ এর মধ্যে অনার্স ডিগ্রী সম্পন্ন করতে সক্ষম হবে। সে অনুযায়ী রুটিন কার্যক্রম চালাতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া আজ বিকেলে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে বিকাল ৩টায় উপাচার্যের কনফারেন্স রুম থেকে ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে সশরীরে ক্লাস শুরু হয়েছে।

জানা গেছে, বর্তমানে সাত কলেজে স্নাতকের অন্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে। তাই এখন স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের ক্লাস চলবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.