ঈদের ছুটিতে হামের সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক।।

ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের ব্যাপক যাতায়াত ও ভ্রমণের কারণে ঈদের পর হামের সংক্রমণ তীব্র আকার নিতে পারে। সার্বিক চিত্র বিশ্লেষণ করে এ আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবং আক্রান্ত শিশুদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঈদের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে সরকার। তবে ঈদযাত্রা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

এদিকে, হাম ও হামের উপসর্গ নিয়ে দ্বিতীয়বার সর্বোচ্চ আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

র‍্যাশ ওঠার আগেই ছড়ায় সংক্রমণ
বিশেষজ্ঞরা বলছেন, হামের জীবাণু শরীরে প্রবেশের পর র‍্যাশ বা গুটি ওঠার অন্তত চার দিন আগে থেকেই আক্রান্ত ব্যক্তি অজান্তে রোগটি ছড়াতে শুরু করে। ফলে ঈদযাত্রার ভিড় ও গণপরিবহনে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে শিশুদের নিয়ে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলা এবং মৃদু উপসর্গ দেখা দিলেও ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম মুশতাক হোসেন বলেন, ঈদের সময় মানুষ শিশুদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাবে। এতে সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে। ঈদের পরের এক সপ্তাহে সংক্রমণ আরও বাড়তে পারে। আর আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে মৃত্যুও বাড়বে, বিশেষ করে অপুষ্ট শিশুরা বেশি বিপদে পড়বে।

তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেসব শিশু অপুষ্টিতে ভুগছে বা কিছুটা অসুস্থ, তাদের নিয়ে এই ঈদে ভ্রমণ না করাই ভালো। এতে ওই শিশুর নিজের যেমন স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে, তেমনি তার সংস্পর্শে আসা সুস্থ শিশুরাও ঝুঁকিতে পড়বে।

আরেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম এইচ চৌধুরী লেলিন বলেন, ঈদের সময় এক এলাকা থেকে অন্য এলাকায় মানুষের ব্যাপক চলাচল হয়। যাদের শরীরে হামের ভাইরাস রয়েছে, তারা অজান্তেই অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। কারণ, হামের র‍্যাশ ওঠার চার দিন আগে থেকেই রোগটি সংক্রমণ ছড়াতে শুরু করে। তিনি বলেন, পরিবারের কারও জ্বর, সর্দি বা নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গ থাকলে তাকে নিয়ে ভ্রমণ না করাই ভালো।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হাম ওয়ার্ড আইসিইউ ইউনিটের রেজিস্ট্রার ডা. মো. সাইফুল ইসলাম বলেন, অনেক ক্ষেত্রে শরীরে হামের জীবাণু প্রবেশের পর শুরুতে শুধু হালকা জ্বর দেখা দেয়; কিন্তু তখনও তীব্র উপসর্গ প্রকাশ পায় না। এই সময় থেকেই আক্রান্ত শিশু বা ব্যক্তি অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। ফলে ঈদযাত্রা ও বড় ধরনের জনসমাগমে এটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শিক্ষাবার্তা /এ/২৬ /০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.