নিউজ ডেস্ক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়েই মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব।
শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের বর্তমান কারিকুলামে যেগুলো আছে, নতুন কারিকুলামেও সেগুলো থাকবে। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে, টিচার্স গাইড তৈরি হবে। শিক্ষকদের জন্য এটি তত কঠিন কিছু হবে না। এছাড়াও শিক্ষকদের ব্যাপক প্রশিক্ষণের প্রস্তুতি ইতোমধ্যেই নেয়া হয়েছে। আশাকরি কোনো সমস্যা হবে না।
দীপু মনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছর সকল শিশুকে শিক্ষায় আনবার জন্য কাজ করে গেছে। এখন যখন আমরা সকলকে শিক্ষার আওতায় আনতে পেরেছি, এখন আমরা শিক্ষার মানটাকে উন্নত করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি।
শিক্ষার মান উন্নয়নে সবকিছু করা হচ্ছে জানিয়ে দীপু মনি বলেন, আগেও শিক্ষার মানের দিকে আমাদের নজর ছিল, কিন্তু তখন সংখ্যাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর এখন মানটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে জন্য পাঠ্যবইয়ের কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোর উন্নয়ন চলছে। আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়েই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
