এইমাত্র পাওয়া

শিক্ষকের বেতের আঘাতে ছাত্র চোখ হারালো

হবিগঞ্জ প্রতিনিধিঃ
শিক্ষকের বেতের আঘাতে ক্ষতিগ্রস্ত ছাত্রীর চোখ ফেলে দিতে হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবা আক্তারের চোখে বেত দিয়ে আঘাতের অভিযোগে শিক্ষক নিরঞ্জন সরকারকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে চাকরি থেকেও সাময়িক বরখাস্ত করা হয়। তিনি আরো বলেন, বিষয়টি তদন্তের জন্য একটি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে স্থায়ীভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আহত ছাত্রী হাবিবার পরিবার জানায়, হাবিবা বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছে। অপারেশন করে তার চোখটি ফেলে দিতে হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন সরকার একটি বেত ছুড়ে মারলে ছাত্রী হাবিবা আক্তারের চোখে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিত্সক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.