এইমাত্র পাওয়া

টিকা নেওয়া পর্যটকদের ভিসা দিচ্ছে আরব আমিরাত

নিউজ ডেস্ক।।

আজ সোমবার থেকে করোনাভাইরাসের পূর্ণ টিকা গ্রহণকারী পর্যটকদের জন্য ভিসা দেওয়া শুরু করছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইতে বিলম্বিত এক্স-পো ২০২০ শীর্ষক বাণিজ্য মেলা শুরুর এক মাস আগে থেকে ভ্রমণকারীদের জন্য ভিসা দেওয়া হচ্ছে।

গত শনিবার সরকারি বার্তা সংস্থা ডাব্লিউএএম এক খবরে জানিয়েছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে সকল দেশের পর্যটকের জন্য সংযুক্ত আরব আমিরাতের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে।

বার্তা সংস্থার খবরে আরো বলা হয়েছে, পূর্বে নিষিদ্ধ করা দেশগুলোসহ বিশ্বের সকল দেশের নাগরিকের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
তবে টুরিস্ট ভিসায় যারা আসবেন তাদের অবশ্যই বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে। দেশটিতে করোনা মহামারির মধ্যেই জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা বিষয়ক নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

এদিকে, করোনা মহামারির কারণে পিছিয়ে দেওয়া এক্সপো ২০২০ অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে লাখো লোক আমিরাতে আসবে যা দেশটির অর্থনীতিকে চাঙা করবে।

দেশটিতে করোনা সংক্রমণও কমে যাচ্ছে। তেলসমৃদ্ধ দেশটিতে গত কয়েক মাসের মধ্যে প্রথমবার গত সপ্তাহে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে। আমিরাতে ​এ পর্যন্ত ৭ লাখ ১৫ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৩৬ জন।

সূত্র: খালিজ টাইমস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.