নিউজ ডেস্ক।।
শিশুকাল থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে ও সব প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার রক্ষণাবেক্ষণের জন্য গ্রন্থাগারিক পদ সৃষ্টির দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি। গ্রন্থাগার সমিতি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির মহাসচিব মোহাম্মদ হামিদুর রহমান তুষার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সহ-সভাপতি কাজী আবদুল মাজেদ। মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সব্যসাচী লেখক-গবেষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ডিন অধ্যাপক ড. মো. নাসিরউদ্দীন মিতুল। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় দুই শতাধিক সদস্য জুম ও ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
সভায় ৫ দফা দাবি উত্থাপন করে গ্রন্থাগার সমিতি। সমিতির দাবিগুলোর মধ্যে আছে, শিশুকাল থেকে বাচ্চাদের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে সব প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য পদ সৃজন করে গ্রন্থাগার পেশাজীবী নিয়োগ দেওয়া। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রতিবছর উচ্চশিক্ষা গ্রহণের জন্য নিয়মিত স্কলারশিপ দেওয়া। বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ, নৈতিকতা, নেতৃত্বে ও ব্যক্তিত্বের গুণাবলী প্রকাশের জন্য উচ্চতর গবেষণার মাধ্যমে দেশ বিদেশে উচ্চতর ডিগ্রিধারী প্রস্তুত করার ব্যবস্থা করা।
দেশের যেসব প্রকাশনা বঙ্গবন্ধু তার জীবন কর্ম ও পরিবারের সদস্যদের ওপর প্রকাশিত বিভিন্ন লেখার মান নিশ্চিত করা ও শহীদ পরিবারের ওপরে কোন রচনা করতে গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পূর্বানুমতি গ্রহণের ব্যবস্থা করা। একইসাথে যেসব প্রকাশনা বের হয়েছে সেগুলো যে সমস্ত তথ্যগত অসঙ্গতি রয়েছে সেগুলো দূর করার ব্যবস্থা গ্রহণ করা।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদেরকে মেধা ও মননশীলতা অনুযায়ী কাজ করার সুযোগ দেওয়া। বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি প্রতিনিয়ত যে ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়ে দেশের সব পেশার মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সমিতির নেতারা জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: গ্রন্থাগারের ভূমিকা’ শীর্ষক একটি তথ্যবহুল প্রকাশনা প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা। সভার কার্যবিবরণী সারসংক্ষেপ প্রস্তুত করে এসব দাবি বাস্তবায়নে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দৃষ্টি আকর্ষণ করা হবে।
সভা শেষে ‘অবিনশ্বর তুমি পিতা’ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
