এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধুর নামে করা সেই পথচারী স্কুলের প্রতিষ্ঠাতাকে মারধর

নিউজ ডেস্ক।।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের ‘জাতির জনক বঙ্গবন্ধু অসহায় ছিন্নমূল পথচারী স্কুলের’ প্রতিষ্ঠাতা আমিনুল ইসলামকে বেধড়ক পিটিয়েছে সন্ত্রাসীরা। শনিবার দুপুর ১টার দিকে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন শ্রমিক নেতা কালু শেখের অফিসে তাকে এ নির্যাতন করা হয়। কালু শেখের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী এ ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কয়েকদিন আগে এ স্কুলটিরই নাম মুছে দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। এ নিয়ে শনিবার দৈনিক সমকালে ‘বঙ্গবন্ধুর নাম মুছে গাবতলীর ছিন্নমূল স্কুলে তালা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এর জেরেই আমিনুলকে পেটানো হয়েছে বলে সংশ্নিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, গাবতলীতে কালু শেখের অফিসে স্কুলের প্রতিষ্ঠাতা আমিনুলকে শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটকে রেখে মারধর করা হয়। পরে তাকে বাস টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। পুলিশ আহত আমিনুল ইসলামকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। পরে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। রাত সোয়া ১১টার দিকে আমিনুল ইসলামকে স্কুলের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীমের জিম্মায় দেওয়া হয়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সমকালকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে আমিনুলকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কালু শেখকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

স্থানীয়রা জানান, শ্রমিক নেতা কালু শেখের নির্দেশেই গত ৭ আগস্ট ‘জাতির জনক বঙ্গবন্ধু অসহায় ছিন্নমূল পথচারী স্কুলের’ নামটি মুছে ফেলা হয়। এর আগের দিন তিনি আমিনুল ইসলামকে হুমকি দিয়েছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.