নিউজ ডেস্ক।।
কঠোর বিধি-নিষেধ শিথিল করে আজ বুধবার থেকে সারা দেশে চলাচল করবে গণপরিবহন। করোনা সংক্রমণ ও মৃত্যুর বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই পর্যটন, বিনোদনকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান বাদে প্রায় সব কিছুই খুলে যাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোট পরিবহনের অর্ধেক চলাচল করবে। প্রতিটি জেলায় স্থানীয় প্রশাসন অর্ধেক বাস চলাচলের সংখ্যা ঠিক করবে, দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। দুই আসনে এক যাত্রী এবং ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিধানও থাকছে না। অর্থাৎ স্বাভাবিক সময়ের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন।
গত ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত কঠোর বিধি-নিষেধ বা টানা লকডাউনে থেকেছে দেশ। এর মধ্যে দুই দফা শিল্প-কারখানা খোলার জন্য বিধি-নিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। অন্যদিকে লকডাউন থাকলেও গত কয়েক দিন গণপরিবহন ছাড়া রাস্তায় অন্যান্য গাড়ির চাপও বাড়তি ছিল।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অর্ধেক বাস চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে সর্বশেষ জারি করা প্রজ্ঞাপনে গণপরিবহনসংশ্লিষ্ট সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। প্রজ্ঞাপনে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনাক্রমে অর্ধেক বাস চালানোর কথা বলা হচ্ছে। এই সিদ্ধান্ত যৌক্তিক হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকেও বলা হচ্ছে, অর্ধেক বাস পরিচালনার সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
