জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য আগামী ৩০শে জুলাই তারিখের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনের পূর্বে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “তফসিল ঘোষণা আমার দায়িত্ব না। আমরা ৩০ জুলাই তারিখের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে দিব। সেটা খুবই দ্রুত করা হবে। তোমরা সেইভাবে প্রস্তুতি নাও।”
“কমিশন খুব দ্রুত কাজ করবেন। যেন তোমাদের ভোটার হালনাগাদ সহ সার্বিক বিষয়ে কোনো সমস্যা না থাকে। তারপর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন।”
এসময় তিনি বলেন, “আমরা নির্বাচন ডিসেম্বরের পর চেয়েছিলাম। কিন্তু সেখান থেকে নভেম্বরে তোমাদের দাবির কাছেই আমরা ফিরে এসেছি। তোমাদের আমাদের লক্ষ্য একটাই ছাত্র নেতৃত্ব ফিরিয়ে আনা। তোমাদের বিশ্বাস করতে হবে যে আমরা জাকসু দিব।”
এ ঘোষণা দেওয়ার আগে বিকেল ৩টা থেকে কোনো ‘ছাত্র প্রতিনিধি ছাড়া’ সিনেট অধিবেশনের প্রতিবাদে পুরাতন রেজিস্ট্রার ভবনের ফটকের সামনে অবস্থান নেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির এক পর্যায়ে উপাচার্য আগ্রহ প্রকাশ করলে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ সভাপতি উপাচার্যের কার্যালয়ে দাবি নিয়ে যান। সেখানে ছাত্র সংগঠনের নেতারা জুলাইয়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানায়। তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জাকসু নির্বাচন নিয়ে এই ঘোষণা দেন।
উল্লেখ্য, ১৯৯২ সালে সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল। এতে ভিপি পদে মাসুম হাসান তালুকদার ও জিএস পদে শামসুল তারজীব নির্বাচিত হন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল