এইমাত্র পাওয়া

রাবি ছাত্রীর যৌন হয়রানিতে থানায় সাধারণ ডায়েরি

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ওই দুই ছাত্রীকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অশ্লীলতার অভিযোগ প্রত্যাহারের জন্য ছাত্রীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই দুই ছাত্রী।

শুক্রবার দুপুরে নগরীর মতিহার থানায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী সাধারণ ডায়েরিটি করেন। ডিউটি অফিসার মাহমুদা আক্তার ডায়েরিটি লিপিবদ্ধ করেন। মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরির সূত্রে জানা গেছে, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করার পর থেকে আতঙ্কে আছেন। অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। ওই শিক্ষকের পক্ষের অনেক শিক্ষার্থী এসে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। ওই শিক্ষকের অনেক ক্ষমতার কথা বলে ছাত্রত্ব বাতিলের ভয় দেখানো হচ্ছে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছাত্রীরা, শারীরিক ও মানসিক ক্ষতির সম্মূখীন হবার ভয়ে তারা হল থেকে বের হতে পারছেন না।

মতিহার থানার ১১০৮ ও ১১০৯ নম্বর সাধারণ ডায়েরি দুটিতে তারা উল্লেখ করেন, ‘বিভিন্ন ভাবে অভিযোগপত্রটি প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। এই কারণে আমি আমার নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম ব্যাচের এক শিক্ষার্থী জানান, ক্লাসে স্যারের পক্ষের কিছু শিক্ষার্থী আছে যারা নানা কথা ছড়িয়ে বেড়াচ্ছে। ভয়ে ও সংকোচে অন্য শির্ক্ষাথীরা মুখ খুলতে পারছে না। এই শিক্ষকের বিরুদ্ধে ছোট খাটো আরও অন্য অনেক ব্যাপার আছে। তদন্ত কমিটি শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে আরও অনেক কিছু বেড়িয়ে আসবে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ছাত্রীদের অভিযোগের অনুলিপি পেয়েছেন বলে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে প্রশাসন সবসময় সজাগ। আমরা ওই দুই শিক্ষার্থীকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করব।

উল্লেখ্য, গত মঙ্গলবার আইইআরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানী ও মানসিকভাবে উত্ত্যক্তের অভিযোগ করেন ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী। পরে ওই দিনই ২য় বর্ষের এক শিক্ষার্থী আইইআরের পরিচালকের সামনে ওই শিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্তের লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্যক্ত করার অভিযোগ উঠায় ক্লাস-পরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading