এইমাত্র পাওয়া

অকালে চলে গেলেন পিআই‌বি’র সহকারী অধ্যাপক কামরুন নাহার

নিজস্ব প্রতিবেদক।।

পিআই‌বি’র সহকারী অধ্যাপক কামরুন নাহার (রুমা)  আমা‌দের মা‌ঝে আর নেই-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ৩ আগস্ট (মঙ্গলবার) রুমা করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে পরের দিন তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এ অবস্থায় ৫ আগস্ট (বৃহস্পতিবার) ইমপালস হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ আগস্ট) সকাল ছয়টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষার্থী দীর্ঘসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেও শিক্ষকতা করেছেন। তার মৃত্যুতে পিআই‌বি’র শিক্ষক-শিক্ষার্থীসহ   সর্বস্তরের লোকের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পিআই‌বি’র মাস্টার্স এর শিক্ষার্থী শিক্ষকের মৃত্যুতে স্মৃতি চারন করেন। সেই স্মৃতি চারন শিক্ষাবার্তার দর্শকের জন্য হুবহু তুলে ধরা হলো।

কামরুন্নাহার।
শুধু একটি নাম নয়, নামের চেয়েও বেশি কিছু।
আলোকিত মানুষ গড়ার এই কারিগর কর্মে ছিলেন ব্যতিক্রমী।
চিন্তায় অগ্রগামী। অনেকেরই প্রিয় শিক্ষক।
পিআইবির বটবৃক্ষ। শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
অনেকের কামরুন্নাহার ম্যাডাম। অনেকের রুমা আপা।

আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে।
নিশ্চিত গন্তব্যে। অনিবার্য কবরে! মাটির ঘরে!
রেখে গেলেন- কত স্মৃতি! কত খুনসুটি!
কত ভালোবাসা! কত গল্প!

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি সাংবাদিকতার শিক্ষক ছিলেন।
শিক্ষার্থীদেরও বন্ধু ছিলেন। শিক্ষার্থীদের কল্যাণকামী ছিলেন।
ক্লাসরুমের বাইরেও ছিলেন আন্তরিক। প্রাণখোলা মানুষ।
কথা মনোযোগ দিয়ে শুনতেন। ব্যক্তিগত খোঁজখবরও নিতেন।
পরিবারের খোঁজখবরও নিতেন। ক্লান্তিহীন, পরিশ্রমী জ্ঞানসাধক!
এত অমায়িক ব্যবহার কম মানুষেরই থাকে!

শিক্ষকতাকে তিনি চাকরি হিসেবে নেননি। ব্রত হিসেবে নিয়েছিলেন।
আর একসাথে আড্ডা হবে না। কথা হবে না। দেখা হবে না।
একসাথে চা খাওয়া হবে না। পড়তে বলবেন না। ভাবতে বলবেন না।
তবে মনে থাকবেন। স্মৃতিতে থাকবেন। ছবিতে থাকবেন।
আহারে জীবন! আহারে স্বপ্ন! আহারে পৃথিবী! অদ্ভুত মানবজীবন!

ম্যাডামের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।
পিআইবির মাস্টার্স প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ভুলবে না আপনাকে।
দোয়া চাচ্ছি- আল্লাহ যাতে ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাত নসীব করেন।
আমীন! ছুম্মা আমীন!


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.