নিউজ ডেস্ক।।
করোনাকালীন সময়ে আবাসিক হলের ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বুধবার (২৩ জুন) একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
জানা যায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হলের ফি মওকুফ এবং স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত একটি কমিটি গঠন করে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরকে সদস্য সচিব করে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
এবিষয়ে রেজিস্ট্রার বলেন, করোনাকালীন সময়ে যেহেতু হলে শিক্ষার্থীরা ছিল না। সেহেতু ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যতদিন করোনা থাকবে ততদিনের ফি মওকুফ করা হবে। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি। স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর বিষয়ে তিনি বলেন, স্নাতকোত্তরের ভর্তি ফি আগেও একবার কমানো হয়েছিল। করোনায় যেহেতু অনেক শিক্ষার্থী ও তাদের পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেহেতু স্নাতকোত্তর ফি কমানোর বিষয়ে কমিটি সিদ্ধান্ত নিবে। অবশ্যই শিক্ষার্থীদের বিষয়টি আমাদের ভাবতে হবে।
উল্লেখ্য, গত ১৪ জুন স্নাতকোত্তরের ভর্তি ফি কমানো এবং করোনাকালীন সময়ে আবাসিক হলের ফি মওকুফের দাবিতে মানববন্ধন ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
