‘আগামীতে দক্ষিণাঞ্চলের অন্যতম হাব হবে বরিশাল বিশ্ববিদ্যালয়’

নিউজ ডেস্ক।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, অর্থ ও হিসাব শাখা অটোমোশনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দাফতরিক পর্যায়ে ডিজিটালাইজেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল দফতরগুলোকে অটোমোশন কার্যক্রমের আওতায় আনা হবে। আগামীতে দক্ষিণাঞ্চলের অন্যতম হাব হবে বরিশাল বিশ্ববিদ্যালয়। তাই আমাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও দাফতরিক কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সফটওয়্যার অটোমোশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বুধবার (২৩ জুন) সকাল ১১টায় এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে ডিজিটালাইজেশনের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার সুফল এখন আমরা সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত পাচ্ছি। সেবার মানকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নিতকরণ এবং দ্রুত সেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হলো।

বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দফতরের পরিচালক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, দফতর প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ এবং অর্থ ও হিসাব শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ক কারিগরি সহায়তা প্রদান করে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘সফটওয়্যার সেল’। অটোমোশন সফটওয়্যার এর মাধ্যমে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বেতন ভাতাদিসহ এর সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় তথ্যাদি সম্পর্কে সহজেই অবগত হতে পারবেন। এছাড়া অর্থ ও হিসাব শাখার অন্যান্য কার্যক্রম পরিচালনায়ও এ সফটওয়্যার মুখ্য ভূমিকা পালন করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.