নিউজ ডেস্ক।।
সরকারি বিধিনিষেধ শেষে ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নব নিযুক্ত চেয়ারম্যান এনামুল কাদের খান।
শুক্রবার (৪ জুন) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এনামুল কাদের খান বলেন, করোনা পরিস্থিতি যখন ঊর্ধ্বগামী ছিলো তখন প্রার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। সংক্রমণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় মৌখিক পরীক্ষা শুরু করা যায়নি। তবে চলমান লকডাউন শেষ হওয়ার পর পরীক্ষা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে বাংলাদেশ জার্নালকে তিনি জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এনামুল কাদের খান বলেন, ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির উপর আদালত যে স্থগিতাদেশ দিয়েছিলো সেটি তুলে নেয়া হয়েছে। তবে আদালত যে রায় দিয়েছে সেটির কপি আমরা এখনো পাইনি। রায়ের কপি পাওয়ার পর গণবিজ্ঞপ্তির ফলের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে যারা গত ৩১ মে রিট করেছেন তাদের ৪ সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিতে নির্দেশ দেয় আদালত। এর ফলে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের উপর আদালতের নিষেধাজ্ঞা কেটে যায়। ওইদিন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন- অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
